ফতুল্লা টেস্টের তৃতীয় দিন প্রত্যাশা পূরণে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার (লিড)
প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা, কিন্তু তারপরও ফতুল্লায় চলছে ব্যাট -- বলের জম্পেশ লড়াই। নারায়নগঞ্জ ওসমানি স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিন মঙ্গলবার বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হাতে রেখে ২৮২ রানে এগিয়ে রয়েছে।
এর আগে সকালে বাংলাদেশের ৪২৭ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৬৯ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে ১২৪ রান।
দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন জাভেদ ওমর এবং প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফিস। কিন্তু অসি বোলাররাও করেছেন আগুন ঝরানো বোলিং। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও শাহরিয়ারের ব্যাটে ছিল রানের বন্যা। শাহরিয়ারের ইনিংসটি নিখুঁত ছিল বলা যায়না।
শেন ওয়ার্ন এবং ম্যাথু হেইডেনের বদান্যতায় দুইবার লাইফও পেয়েছেন শাহরিয়ার। কিন্তু ৩৩ বলে সাতটি বাউন্ডারিতে ৩৮ রান করে ব্রেট লি’র একটি দুর্দান্ত ইয়র্কারে শাহরিয়ারের স্ট্যাম্প উড়ে গেলে একটু আগেভাগেই ক্রিজে নামতে হয় অধিনায়ক হাবিবুল বাশারকে।
অল্প সময়ের মধ্যে গিলক্রিস্টের সহায়তায় গিলেস্পি তুলে নেন জাভেদ ওমরের (১৮) উইকেটটি। অধিনায়ক বাশার প্রথম ইনিংসে দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি হাঁকালেও দ্বিতীয় ইনিংসে সম্পূর্ন ব্যর্থ হয়েছেন। মাইকেল ক্লার্কের থ্রোতে রানআউটের শিকার হন বাশার (৭)। ফিল্ডিংয়ের পাশাপাশি বল হাতেও মাইকেল ক্লার্ক ছিলেন খড়গহস্ত। বাশারকে রানআউট করার পর লিটল মাষ্টার মোহাম্মদ আশরাফুলকেও ফেলেন এলবিডব্লিউয়ের ফাঁদে (৪)।
পঞ্চম উইকেট জুটিতে রাজিন সালেহ এবং আফতাব আহমেদ ৪৭ রানের পার্টনারশীপ গড়ে দলের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাদের সেই লড়াইটি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি প্রথম ইনিংসের সফল বোলার ম্যাকগিল। ম্যাকগিলের ঘূর্ণিবলের লাইন থেকে পা সরানোরই সুযোগ পাননি আফতাব আহমেদ। ৫৬ বলে ১৭ রানের ইনিংসে আফতাব বাউন্ডারি হাঁকিয়েছেন দু’টি।
অন্যদিকে রাজিন অসি বোলারদের আক্রমন ঠেকাতে নিজেকে খোলসের মধ্যে ঢুকিয়ে ফেলেন। তার সাথে জুটি বাঁধেন উইকেটরক্ষক খালেদ মাসুদ। দিনশেষে রাজিন ২৯ রানে অপরাজিত থাকলেও খালেদ মাসুদ তার রানের খাতা এখনও খোলেননি।
এর আগে ফলোঅন এড়ানোর ৮৩ রানের লক্ষ্য নিয়ে তৃতীয় দিনের সূচনা করে অস্ট্রেলিয়া। ১৯৮৮ সালের পর এবারই প্রথম ফলোঅন এড়াতে লড়তে হয়েছে অসিদের। তাদের এই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট। মূলত তার হার না মানা ১৪৪ রানে ভর করেই ফলোঅন এড়িয়েছে সফরকারীরা।
লড়াইয়ের পথে গিলক্রিস্টকে সহায়তা দিয়েছেন জেসন গিলেস্পি। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান ব্রেট লি আর মাত্র দুই রান করেই মাশরাফির বলে এলবিডব্লিউয়ের শিকার হন। অষ্টম উইকেট জুটিতে গিলেস্পিকে সাথে নিয়ে গিলক্রিস্ট মূল্যবান ৭৩ রান যোগ করেন। পুরো ম্যাচে অস্ট্রেলিয়ার এই জুটিই দলকে কিছুটা ভরসার বাণী শোনাতে পেরেছেন। গিলক্রিস্টের লড়াকু ইনিংসটির সমাপ্তি ঘটে সফল বোলার মোহাম্মদ রফিকের ঘূর্ণিবলে। পরে গিলেস্পি এবং স্টুয়ার্ট ক্লার্কের উইকেটটিও তুলে নেন বাংলাদেশের এই অভিজ্ঞ স্পিনার।
প্রথম ইনিংসে শাহরিয়ার নাফিসের সেঞ্চুরি, বাশার ও রাজিনের দু’টি হাফ সেঞ্চুরি এবং ৪২৭ রানের সফলতার পর তৃতীয় দিন বাংলাদেশের প্রাপ্তির খাতায় যোগ হয়েছে আরেকটি সফলতা। আর সেটা হলো মোহাম্মদ রফিকের পাঁচ উইকেট শিকার। এছাড়া মাশরাফি এবং এনামুল জুনিয়র তুলে নেন দু’টি করে উইকেট।
তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা বাদ দিলে ম্যাচের ড্রাইভিং সিটে বাংলাদেশ নিজেদের অবস্থনটা কিছুটা হলেও ধরে রেখেছে। চতুর্থ দিন বাকি ব্যাটসম্যানদের উপরই নির্ভর করছে দ্বিতীয় ইনিংসটাকে কতদুর টেনে নিয়ে যেতে পারেন। প্রতিপক্ষ যেখানে অস্ট্রেলিয়া সেখানে বড় ধরনের একটা লিড তো চাই।
