দ্বিতীয় টেস্টের জন্যে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন নাথান, কালেন
নাথান ব্র্যাকেন ও ড্যানিয়েল কালেন বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়া ক্রিকেট দলে ডাক পেয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে চলতি ক্রিকেট সিরিজের দ্বিতীয় টেস্টের আগেই তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিটি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষ থেকে মঙ্গলবার ফতুল্ল¬ায় সরবরাহ করা হয়।
এ ব্যাপারে জাতীয় নির্বাচন প্যানেলের (এনএসপি) অ্যান্ড্রু হিলডিচ বলেন, ব্র্যাকেন ও ড্যানিয়েলকে আগেভাগে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে এনএসপি আগ্রহী। কেননা, বাংলাদেশে সফরে থাকা আমাদের কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের আগে দলে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হলে তাদেরকে যেন ডাকা যায় এবং সে সম্ভাবনা থেকে পরিবেশ ও আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্যে তাদেরকে আগেভাগে বাংলাদেশে পাঠানো হচ্ছে।
অ্যান্ড্রু হিলডিচ বলেন, অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ সফর করছে এমন দুই একজন খেলোয়াড়ের ফিটনেস সম্পর্কে বাংলাদেশে আমাদের টিম ম্যানেজমেন্ট সন্দেহ প্রকাশ করায় নাথান ও ড্যানিয়েলের নির্ধারিত একদিনের সিরিজের আগেই তাদেরকে সেখানে পাঠানো হচ্ছে।
তিনি বলেন, বিশেষ করে শেন ওয়ার্নের কাঁধে সমস্যা হয়েছে। গত কয়েক সপ্তাহে আমাদের ফাস্ট বোলারদের ওপর অনেক ধকল গেছে। তাদের ফিটনেস লেভেলও পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রসঙ্গত, ২৮ বছর বয়সী ব্র্যাকেন দেশের হয়ে পাঁচটি টেস্ট ম্যাচ খেললেও ২২ বছর বয়সী ড্যানিয়েল কালেনের এখনো টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি।
