টাইগারদের বিরুদ্ধে ব্যাকফুটে অস্ট্রেলিয়া, আপডেট
ফতুল্লা টেস্টে টানা দ্বিতীয় দিনটিও সফলতার মধ্য দিয়ে কাটিয়েছে বাংলাদেশ। সোমবার ফতুল্লা স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের প্রথম ইনিংসে ৪২৭ রানের জবাবে বিশ্বচ্যাম্পিয়ন শক্তিশালী অস্ট্রেলিয়া রীতিমত ধুঁকছে। দিনশেষে ছয় উইকেট খুইয়ে অসিদের ভান্ডারে জমা পড়েছে ১৪৫ রান।
ব্যাটসম্যানদের গড়ে দেওয়া শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের বোলাররাও এদিন আগুন ঝরানো বোলিং করে সফরকারীদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছেন। গত দুই দিনে অসিদের সাফল্য বলতে স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের ক্যারিয়ার সেরা বোলিং। ১০৮ রানের বিনিময়ে ম্যাকগিল স্বাগতিকদের আটটি উইকেট নিজের ঝুলিতে পুরে নিয়েছেন। বাকি দু’টি উইকেট গেছে গিলেস্পির ঝুলিতে।
এই অস্ট্রেলিয়াই বাংলাদেশের টেস্ট খেলার যৌক্তিকতা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কম করেনি। হাতের কাছে পেয়ে যেন ফুঁসে উঠেছে টাইগাররা। সেই তাচ্ছিল্যের দাঁতভাঙ্গা জবাব ব্যাট -- বলের মাধ্যমে ভালোমতই দিচ্ছে বাংলাদেশ। বিস্ময়কর হলেও সত্যি, টেস্ট আঙ্গিনার নীচের দিকের দল বাংলাদেশের বিরুদ্ধে ফলোঅন এড়াতে পরিশ্রমের শেষ বিন্দুটুকু ঢেলে দিতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। ফলোঅন এড়াতে সফরকারীদের আরও ৮৩ রান দরকার।
প্রথম দিন ওপেনার শাহরিয়ার নাফিসের প্রথম টেস্ট সেঞ্চুরি এবং অধিনায়ক হাবিবুল বাশারের অধিনায়কোচিত অর্ধশতকের পর দ্বিতীয় দিন রাজিন সালেহ কার্যকর ৬৭ রানে ভর করে চালকের আসনে বসে যায় বাংলাদেশ।
রাজিন ধীরেসুস্থে খেলে তার আগের দিনের ৩৫ রানের সাথে এদিন আরও ৩২ রান যোগ করেন। প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেও ক্যারিয়ারে পঞ্চম অর্ধশতক হাঁকিয়ে খুব একটা অখুশিও নন ডান হাতি এই স্টাইলিশ ব্যাটসম্যান।
এখন পর্যন্ত ম্যাচের সেরা বোলার স্টুয়ার্ট ম্যাকগিলকে উড়িয়ে মারতে গিয়ে রাজিন শর্ট লেগে বদলী ফিল্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
ষষ্ঠ উইকেট জুটিতে উইকেটরক্ষক খালেদ মাসুদ এবং রাজিনের এই পার্টনারশীপ ছাড়া বাংলাদেশের টেলএন্ডাররা ম্যাকগিলের স্পিনের সামনে সুবিধে করতে পারেননি।
ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ের পর বোলারদের বাকি কাজটুকু করা যেন ফরজ হয়ে গিয়েছিল। হতাশ করেননি বোলাররা। যেখানে বিশ্বসেরা দলের বিশ্বসেরা বোলারদের বাংলাদেশের ব্যাটসম্যানরা তুলোধুনো করে ছেড়েছে সেখানে বাংলাদেশের পেসার নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা আর শাহাদত হোসেন রাজীবের ক্ষুরধার বোলিংয়ের সামনে অসি ব্যাটসম্যানদের রীতিমত অসহায় মনে হয়েছে।
অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারেই হার্ড হিটিং ওপেনার ম্যাথু হেইডেনকে মাত্র ছয় রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে প্রথম ব্রেকথ্রু এনে দেন মাশরাফি। দ্বাদশ ওভারে আঘাত হানেন শাহাদত। শাহাদতের নীচু হয়ে যাওয়া বলের লাইন থেকে পা সরানোরই সময় পাননি অসি দলপতি রিকি পন্টিং (২১)।
এরপরই দৃশ্যপটে আবির্ভূত হন বাংলাদেশের অভিজ্ঞতম স্পিনার মোহাম্মদ রফিক। ৩৫ বছর বয়স্ক এই স্পিনার এখনও যে অনেক কিছু করার ক্ষমতা রাখেন সেটা মাঠে উল্লসিত দর্শকদের আবারও দেখিয়েছেন তিনি। রফিকের স্পিন ভেল্কিতেই সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়া দলের বিপজ্জনক দুই ব্যাটসম্যান ডেমিয়েন মার্টিন এবং মাইক হাসি।
রফিকের বাউন্সে বিভ্রান্ত মার্টিন কিছু বুঝে ওঠার আগেই বল গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। অন্যদিকে টেস্ট এবং ওয়ানডেতে ৭০ গড়ে রান করা মাইক হাসি পরাস্ত হন রফিকের ঘূর্ণিবলের ফ্লাইটে।
রফিক যখন উইকেট শিকারের উৎসবে মেতে উঠেছেন তখন দলের আরেক স্পিনার এনামুল হক জুনিয়রই বা বসে থাকবেন কেন। অগ্রজের পথ অনুসরন করে এনামুল তুলে নেন মাইকেল ক্লার্ক এবং শেন ওয়ার্নের উইকেট দু’টি।
দিনশেষে অ্যাডাম গিলক্রিস্ট ৫১ এবং ব্রেট লি ১৩ রানে অপরাজিত রয়েছেন।
