২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বাংলাদেশকে দেখলো অস্ট্রেলিয়া

খুব বেশি দিন আগে নয়, মাত্র দুবছর আগে অর্থাৎ ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফর করা টেস্ট পরিবারের কম বয়সী সদস্য বাংলাদেশ ও ২০০৬ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার ওসমানী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়তে নামা বাংলাদেশের মধ্যে যে যোজন যোজন পার্থক্য তাতে অনেকের সন্দেহ না থাকলেও সন্দিহানদের সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 10:05 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

সন্দিহানদের সন্দেহ দূর করতে বাংলাদেশের যেমন খেলা উচিত ছিল কিন্তু তারা তেমন খেলতে পারেনি এমন দাবী করার মতো অবশ্য একজনকে পাওয়া যাবে না। উল্টো বাংলাদেশ সফরকারী অস্ট্রেলিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পেরেছে। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের সংবাদ সম্মেলনে না আসাই তা প্রমাণ করার জন্যে যথেষ্ট।

টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের সূচনাটা কেমন হওয়া উচিত ছিল? হাজার পাঁচেকের দর্শকের উপস্থিতিতে বর্ষীয়ান উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ ওমর ও তরুণ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন। প্রথম ব্যাটসম্যান হিসেবে জাভেদ ওমর (২৭) দলীয় ৫১ রানের মাথায় জেসন গিলেস্পির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেও সঙ্গী নাফিস পথ চলেছেন অনেকদূর। আরেকটু পথ যেতে পারলে হয়তো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ রানের সংগ্রহকে ছাড়িয়ে যেতে পারতেন।

আশরাফুলের ১৫৮ রানের ইনিংস টপকে যেতে না পারলেও টপকে গেছেন নিজের করা সর্বোচ্চ ইনিংস (আগের সর্বোচ্চ ৫১ রান)। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতককে তিনি রোববার শতরানে পরিণত করেছেন। শুধু ব্যক্তিগত সংগ্রহ সমৃদ্ধ করাই নয়, দলকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। স্টুয়ার্ট ম্যাকগিলের বলে সুইপ করতে গিয়ে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বোল্ড আউট হওয়ার আগে তিনি ১৮৯ বল মোকাবিলায় ১৩৮ রান করেন। ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৯টি চারের সহায়তায়।

তার আগে তিনি ও অধিনায়ক হাবিবুল বাশার দ্বিতীয় উইকেট জুটিতে ১৮৭ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার বোলারদের ওপর প্রাধান্য বিস্তার করতে সক্ষম হন। দু’জন যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ তারা একদিনের ক্রিকেটের মতোই ব্যাট করেছেন। তার প্রমাণ মধ্যাহ্নভোজের বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভারে ১৪৪ রান। রান রেট ছয় ছুঁই ছুঁই।

বাশার শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। উইকেটের চারদিকে শট খেলেছেন। দলীয় স্কোর ২৩৮ রানের মাথায় ম্যাকগিলের লেগ স্পিনে সিলি মিড অনের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ব্যর্থ হন। বল সরাসরি চলে যায় মিডঅনে দাঁড়ানো ব্রেট লির হাতে। বাশার ৭৬ রান করতে গিয়ে বল মোকাবিলা করেছেন ১১৩টি। তার ইনিংসে রয়েছে ১১টি চারের মার।

বাংলাদেশের অতীতের অধিকাংশ টেস্ট ইনিংসগুলোর ক্ষেত্রে দেখা গেছে একটি শক্ত ভিত্তি দাঁড়িয়ে যাওয়ার পর হুড়মুড় করে উইকেট পড়তে থাকে। রোববারটা ছিল ব্যাতিক্রম। যদিও দলীয় সংগ্রহ ২৬৫ রানের মাথায় নাফিস ও ২৯৫ রানের মাথায় আশরাফুলের আউট হওয়া কিছুটা অশুভের সংকেত দিয়েছিল। শেষতক তা আর হয়নি।

বাশারের মতো আশরাফুলও ছিলেন আক্রমণাত্মক। ২৯ রান করতে গিয়ে তিনি বল খেলেছেন মাত্র ২৮টি। আশরাফুল একটু বেশি নির্দয় হয়েছিলেন ম্যাকগিলের প্রতি। ২০০৩ সালের বাংলাদেশের সাথে সিরিজে ১৭ উইকেট শিকার করেছিলেন বলেই কিনা তা বোঝা দুষ্কর। ম্যাকগিলের করা ৬৩তম ওভারে তিনি তিন চার সমেত ১৬ রান তুলে নেন। শেষ পর্যন্ত গিলেস্পির বলে লেগ বিফোর উইকেট হয়ে যান।

২৯৫ রানে আশরাফুল আউট হওয়ার আগে তিনি ও রাজিন মিলে সংক্ষিপ্ত ও কার্যকর একটি জুটি গড়েন। এরপর আফতাব আহমেদ জুটি বাঁধেন রাজিনের সাথে। বেশ ভালই চলছিল দুজনের পথ চলা। তবে শেষ বিকেলে ম্যাকগিলের বলে হেইডেনের হাতে ধরা দিয়ে প্যাভিলিয়ানে ফেরেন আফতাব। আউট হওয়ার আগে তার সংগ্রহ ছিলো ২৯ রান।

দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিক দলের সংগ্রহ পাঁচ উইকেট ৩৫৫। রাজিন সালেহ ৩৫ ও সহঅধিনায়ক খালেদ মাসুদ পাইলট দুই রানে ক্রিজে রয়েছেন।

অস্ট্রেলিয়ার পক্ষে দিনের সেরা বোলার ছিলেন ম্যাকগিল। ২২ ওভার বল করে ৮২ রানের বিনিময়ে তিনটি মূল্যবান উইকেট লাভ করেন। বাকি দু’টি উইকেট নিয়েছেন গিলেস্পি ৩৬ রান খরচায়। অবশ্য এর মাধ্যমে ইতোমধ্যে তিনি তাকে দলে ফিরিয়ে আনতে নির্বাচকদের নেয়া সিদ্ধান্তের যৌক্তিকতাও প্রমাণ করতে সক্ষম হয়েছেন। ইংল্যান্ডের কাছে সর্বশেষ অ্যাসেজ সিরিজে হারার পর গিলেস্পি দল থেকে বাদ পড়েন। বাদ পড়ার যৌক্তিকতাও অবশ্য ছিল। তিন টেস্টে পেয়েছিলেন মাত্র তিনটি উইকেট।

ওয়ার্ন ২০ ওভার হাত ঘুরিয়ে উইকেট শূন্য থেকে গেছেন। উল্টো রান দিয়েছেন ১১২টি। ওভার প্রতি সাড়ে পাঁচেরও বেশি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাশার প্রথমদিনের কৃতিত্বের জন্যে সবাইকেই বাহ্বা দিয়েছেন। তবে নাফিসের প্রতি ছিলে তার বিশেষ অভিবাদন। নিজের অর্ধশতককে শতকে পরিণত না করার আফসোস প্রতিধ্বনিত হয়েছে তার কথায়।

ম্যাচের বাকি অংশের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে বাশার বলেন, আমরা রানের দিকে তাকাচ্ছি না। আমরা আরো তিনটি সেশন খেলার পরিকল্পনা করছি।

অস্ট্রেলিয়ার চেয়ে ম্যাচে এগিয়ে আছেন কিনা জানতে চাওয়া হলে তিনি প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধ রেখে বলেন, অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন। তারা যে কোন সময় ম্যাচে ফিরে আসতে পারে। অতীতে এসেছেও।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহরিয়ার নাফিস। তিনি বলেন, পুরো ম্যাচে তিনি কোন চাপ অনুভব করেননি। নিজের স্বাভাবিক খেলা খেলে গেছেন।

অবশ্য অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে শুধু কোচ জন বুকানন আসায় ২০০৩ সালের বাংলাদেশ আজ কতটুকু উন্নতি লাভ করেছেন সে সম্পর্কে রিকি পন্টিংয়ের মন্তব্য পাওয়া যায়নি। কেননা, বাংলাদেশে এবার আসার পর সংবাদ সম্মেলনে পন্টিং বারবার বলেছেন, বাংলাদেশ কতটুকু উন্নতি করেছে তা দেখতেই তিনি বাংলাদেশে এসেছেন। কোচও এ ব্যাপারে বেশি কিছু বলেননি।