২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি চ্যালেঞ্জ কাপের কোয়ার্টাফাইনালে তাজিকিস্তানের সামনে বাংলাদেশ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার এএফসি চ্যালেঞ্জ কাপের কোয়ার্টাফাইনালে শক্তিশালী তাজিকিস্তানের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও আরেকবার নিজেদের যোগ্যতার প্রমান দিয়েই টুর্নামেন্টের সেমিতে জায়গা করে নিতে মরিয়া বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 05:37 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় খেলাটি শুরু হবে।

বাংলাদেশ গ্র“প পর্যায়ে তাদের শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়ে টুর্নামেন্টের আরেক শক্তিশালী দল ফিলিস্তিনের সাথে ১ -- ১ গোলে ড্র করার পর দলের কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি সেরা একাদশ সাজাতে গিয়ে পড়েছেন এক ‘মধুর’ সমস্যায়। প্রতিপক্ষ তাজিকিস্তান এর আগে বাংলাদেশকে  ২০০৩ সালের বিশ্বকাপ প্রাক বাছাই পর্বে দুইবার ধরাশায়ী করেছে। দুইবারই জয়ের ব্যবধান ছিল ২ -- ০ গোলের।  

টুর্নামেন্টের র‌্যাংকিংয়েও দু’টি দেশ রয়েছে পাশাপাশি। র‌্যাংকিংয়ে বাংলাদেশ তৃতীয় এবং তাজিকিস্তান চতুর্থ স্থানে রয়েছে।

বাংলাদেশ কোচ ক্রুসিয়ানি গ্র“প পর্যায়ের খেলায় ফিলিস্তিনকে রুখে দেওয়ায় কোন রকম আত্মতুষ্টিতে ভুগতে চাননা। তার মতে, ফিফার র‌্যাংকিং কোন বিষয় নয়, তাজিকিস্তান যথেষ্ট শক্তিশালী দল। দলটি দুই উইং দিয়ে আক্রমনে গিয়ে দ্রুত খেলার নিয়ন্ত্রন নিজেদের হাতে নিতে পারদর্শী, এমনটাও বললেন ক্রুসিয়ানি।

সোমবারের ম্যাচে তাজিকিস্তানের বেশ কয়েকজন ফুটবলারকে কড়া নজরদারিতে রেখে ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের দখলে নিতে কৌশল আঁটছেন এই আর্জেন্টাইন। ম্যাচে জয়ের ব্যাপারে কোচ সরাসরি কিছু না বললেও আশা করছেন দলের ফুটবলাররা আগের ম্যাচগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো খেলা প্রদর্শন করবে।

ক্রুসিয়ানি জানান, আমি আগেই বলেছি ট্রফি জেতার চাইতে টুর্নামেন্টে ভালো খেলাই আমাদের মূল লক্ষ্য। তবে ট্রফির গুরুত্বও স্বীকার করে নিয়েছেন তিনি।

৪২ বছর বয়স্ক আর্জেন্টিনার এই কোচ জানান, আগের ম্যাচে তরুণ খেলোয়াড়রা খুবই ভালো খেলেছে, ফলে সোমবারের ম্যাচের জন্য দল গঠন করাটা ‘মধুর’ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

তবে তরুণ এবং অভিজ্ঞদের নিয়েই দল সাজানোর ইঙ্গিত দিয়েছেন ক্রুসিয়ানি। এর কারণও রয়েছে। আর সেটা হলো ফিলিস্তিনের সাথে লড়ার পর দলের সব ফুটবলারই মানসিকভাবে সম্পূর্ন ফিট রয়েছেন।

অন্যদিকে কিরঘিজস্তানের বিরুদ্ধে তাজিকিস্তান তার নিয়মিত একাদশের সাত ফুটবলারকে সাইড লাইনে রেখে দল সাজায় এবং যথারীতি ম্যাচও হেরে যায়। দলের কোচ শরীফ নাজারভ জানিয়েছেন সোমবারের ম্যাচে দলের মূল খেলায়াড়রা সবাই খেলবেন।

এক প্রশ্নের জবাবে নাজারভ জানান, বাংলাদেশ স্বাগতিক বলে নয়, এখানে সব দলই শক্তিশালী এবং প্রত্যেকটি ম্যাচেই খেলোয়াড়দের ওপর যথেষ্ট চাপ থাকে।