২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজ জিতে নিলো শ্রীলঙ্কা এ দল

চারদিনের ম্যাচের সিরিজ জিততে না পারলেও বাংলাদেশ এ দলের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২ -১ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা এ দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

খুলনার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৩৪ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার ৫০ ওভারে করা আট উইকেটে ২৪৫ রানের জবাবে বাংলাদেশ এ দল ৩৫ দশমিক পাঁচ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায়।

সফরকারীরা এর আগে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেটে জয়লাভ করলেও বগুড়ায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৩০ রানে পরাজিত হয়। 

বিজয়ী দলের পক্ষে কে সিলভা ৯৯ বলে ছয়টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৮৩ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কা দল প্রথম ব্যাট করতে নেমে ছয় রানের মধ্যে ওপেনার ও দলের অধিনায়ক জেহান মুবারকের উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে আরেক ওপেনার ডেনিয়েল (৪০) এবং উদাওয়াত্তা (২০) ৬১ রানের পার্টনারশীপ গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন।

চতুর্থ উইকেট জুটিতে সিলভা এবং গজানায়েকে (৪৪) যোগ করেন আরও ৯১ রান। শ্রীলঙ্কা দল মাত্র ২৫ রানের মধ্যে তাদের শেষ তিনটি উইকেট হারালেও আট উইকেট খুইয়ে ২৪৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে।

ফরহাদ রেজা ৩৯ রান খরচায় তুলে নেন চার উইকেট।

জবাবে বাংলাদেশ অল্প সংগ্রহেই গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। এছাড়া অধিনায়ক তুষার ইমরান ২৭ রান করেন। দলের আর কোন ব্যাটসম্যানই দুই অংকের রান করতে সক্ষম হননি।

এর আগে দু’দলের মধ্যকার দু’টি চারদিনের ম্যাচ ড্র হয়েছে।