২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যান প্যাসিফিক সোনারগাঁও খেলোয়াড়দের মিলন মেলায় পরিণত হয়েছে

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) চ্যালেঞ্জ কাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের কল্যাণে রাজধানীর পাঁচ তারকাবিশিষ্ট প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল খেলোয়াড়দের মিলন মেলায় পরিণত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

শুক্রবার রাত পর্যন্ত হোটেলটিতে ১৪২ জনের মতো ফুটবল খেলোয়াড় ও কর্মকর্তা অবস্থান করছিলেন। এদের মধ্যে ছিলেন আটটি দেশের ১১৪ জন ফুটবলার। বাংলাদেশ জাতীয় দলও একই হোটেলেই অবস্থান করছে।

এদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় দলের ২৮ জন ক্রিকেটার বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলেই উঠেছে। স্বাগতিক দলের বিরুদ্ধে দু’টি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছে।

অবশ্য এএফসি কাপের প্রাথমিক পর্ব অতিক্রম করে দ্বিতীয় পর্বে উঠতে ব্যর্থ হওয়ায় কম্বোডিয়া ও গুয়ামের ১৮ জন করে খেলোয়াড় শুক্রবার হোটেল ত্যাগ করে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

হোটেলটিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ছাড়াও এখন পাকিস্তান (২০ খেলোয়াড়), তাজিকিস্তান (২০ খেলোয়াড়), কিরগিজস্তান (২০ খেলোয়াড়), ম্যাকাউ (১৬ খেলোয়াড়), ফিলিস্তিন (১৮ খেলোয়াড়) এবং স্বাগতিক বাংলাদেশের (২০ খেলোয়াড়) ফুটবলাররা অবস্থান করছেন।