২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে টেস্ট মর্যাদা প্রদানে বিরোধিতা করার কথা স্বীকার করেছেন পন্টিং

অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রিকি পন্টিং শুক্রবার বাংলাদেশকে টেস্ট মর্যাদা প্রদানের বিরোধিতা করার কথা স্বীকার করেছেন। তার ভাষায়, বাংলাদেশ আসলেই সে সময় টেস্ট মর্যাদা পাওয়ার যোগ্যতা অর্জন করেছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

তিনি বলেন, আমরা বাংলাদেশে ক্রিকেট খেলতে এসেছি। দেশটির কেমন অগ্রগতি হয়েছে তা দেখতেও আমরা আগ্রহী।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে পন্টিং বলেন, ২০০৩ সাল থেকে এপর্যন্ত বাংলাদেশ কেমন অগ্রগতি অর্জন করেছে তা দেখতেই আমরা বাংলাদেশে এসেছি।

সংবাদ সম্মেলনে পন্টিং ছাড়াও উপস্থিত ছিলেন দলের কোচ জন বুকানন।

স্বাগতিক দলের বিরুদ্ধে দু’টি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া দল দক্ষিণ আফ্রিকা সফর শেষে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছায়। দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টটি নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে রোববার থেকে শুরু হবে।

অস্ট্রেলীয় অধিনায়ক বলেন, গত কয়েকদিন আমরা বেশ ব্যস্ত সময় কাটিয়েছি। দক্ষিণ আফ্রিকায় সফল সফর শেষ করেছি মাত্র। দক্ষিণ আফ্রিকার দীর্ঘ ও কঠিন সফর শেষে ছেলেরা একটু ক্লান্ত। রোববার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য শতভাগ প্রস্তুত হতে আমাদের কয়েকদিন সময় আছে।

তিনি বলেন, খেলোয়ারদের মধ্যে বেশ উদ্দীপনা রয়েছে। তাদের চোখ এখন প্রথম টেস্টের প্রথম দিনের দিকে।

বাংলাদেশকে তিনি কেমন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন জানতে চাওয়া হলে পন্টিং বলেন, বাংলাদেশে বিরুদ্ধে অল্পই টেস্ট ম্যাচ খেলছি। তাই তারা কেমন প্রতিপক্ষ তা বিচার করা কঠিন। আমি নিশ্চিত ক্রিকেট বিশ্বে বাংলাদেশের বেশ কয়েকটি শক্ত প্রতিপক্ষ রয়েছে। আর তাদের ক্রিকেট মানও উন্নত হয়ে থাকবে।

তিনি বলেন, ইংল্যান্ডে একদিনের ক্রিকেট তারা আমাদেরকে হতবাক করে দিয়েছে। এটি থেকে বুঝা যায়, তাদের কিছুটা উন্নতি হয়েছে। আশা করি তার চেয়ে বেশিই তাদের উন্নতি হয়েছে।

অস্ট্রেলিয় দল শুক্রবার নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে অনুশীলন করেছে।

পন্টিং বলেন, আমি আশা করি উইকেটে বল কিছুটা বাঁক খাবে। আমি মনে করি, বাংলাদেশও এমন উইকেট চায়। আর এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে আমরা প্রস্তুত।

কার্ডিফে বাংলাদেশের কাছে পরাজয় সম্পর্কে পন্টিং বলেন, ওই পরাজয় আমাদের কাছে ইতিহাসের সবচেয়ে বড় হতাশাজনক ঘটনা নয়। তবে এটি ছিল আমাদের কাছে সবচেয়ে বড় হতাশাজনক খেলা।

তিনি বলেন, কিন্তু বাংলাদেশের সাথে পরবর্তী খেলায় আমরা সবকিছু ঠিকঠাক রাখতে সমর্থ হয়েছিলাম। দক্ষিণ আফ্রিকা থেকে সফল সফরের পর আমরা এখানে সিরিজ জিততেই এসেছি।

বাংলাদেশকে টেস্ট মর্যাদা দেওয়ার বিরুদ্ধে পন্টিং অবস্থান নিয়েছিলেন বলে অস্ট্রেলীয় অধিনায়ক স্বীকার করেন। তিনি বলেন, আমি মনে করি, বাংলাদেশের পরিপ্রেক্ষিত বিবেচনা করার চেয়ে সারা বিশ্বে ক্রিকেটের বিস্তার নিয়েই সে সময় আমি একটু বেশি মাথা ঘামিয়েছিলাম।

তিনি বলেন, আমি মনে করি, আমি যা বলেছিলাম তা ভুল ছিল। বাংলাদেশ সত্যিকার অর্থেই টেস্ট মর্যাদা পাওয়ার যোগ্য। এটাকে আমি বড় ইস্যুতে পরিণত করতে চাই না। আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি এবং আমি তার দিকেই তাকিয়ে আছি। ২০০৩ সালের অবস্থা থেকে বাংলাদেশ কতটা উন্নতি লাভ করেছে, তা দেখতেই আমি আগ্রহী।