ফিলিস্তিন: ফুটবল যেখানে বন্দি
দেশের মাটিতে ফুটবলের অবস্থার কথা চিন্তা করতে গিয়ে বাংলাদেশে চলতি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) চ্যালেঞ্জ কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টে ফিলিস্তিন ফুটবল দলের ধারাবাহিক সাফল্যও দলটি পূর্ণ তৃপ্তির সাথে ভোগ করতে পারছে না।
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের ফুটবল কর্মকর্তারা শুক্রবার বার্তা সংস্থা বিডিনিউজের সাথে যখন চলতি এএফসি চ্যালেঞ্জ কাপে দলের নৈপূণ্য সম্পর্কে আলাপ করছিলেন তখন তাদের মধ্যে এক ধরনের গভীর বিষণœতা বিরাজ করতে দেখা যায়।
রাজধানীর একটি হোটেলে বিডিনিউজের সাথে আলাপ হয় দলের ম্যানেজার নাহিদ আল হুরের সাথে। তিনি বলেন, দেখুন, আমরা যখন বাংলাদেশ সফরে রয়েছি তখনই ইসরাইলের মিসাইল হামলায় আমাদের একটি আন্তর্জাতিক ফুটবল ভেন্যু নষ্ট হয়ে গেছে।
আলাপকালে ফিলিস্তিন দলের কোচ মোহাম্মদ আল সাবাহও উপস্থিত ছিলেন।
ম্যানেজার নাহিদ আল হুর বলেন, দেশে জনপ্রিয় এ খেলার ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন রয়েছি। অবশ্য সেখানে জীবন নিয়েই আমরা সবসময় শঙ্কার মধ্যে থাকি।
কোচ মোহাম্মদ সাবাহ বলেন, আমি আপনাকে একটি কাহিনী বলতে পারি। এ কাহিনীর মাধ্যমে আপনি আমাদের দেশের ফুটবলের একটা পরিষ্কার চিত্র পাবেন।
তিনি বলেন, জেরিকোতে হেবরন ও তুলকানের মধ্যে একটি ফুটবল লিগ ম্যাচ আয়োজন করতে গিয়ে আমরা দু দফা ব্যর্থ হয়েছি। শেষ পর্যন্ত আমরা ম্যাচ আয়োজনের আশাই ছেড়ে দেই। তুলকান ও হেবরন থেকে জেরিকো কতদূরে সেটা কোন ব্যাপার নয়। প্রথম দিন তুলকান জেরিকোতে পৌঁছাতে পারতো কিন্তু হেবরনের পক্ষে মাঠে পৌঁছানো সম্ভব ছিল না। কারণ আসার পথে ইসরাইলি সামরিক বাহিনীর একটি চেক পোস্ট থেকে তাদের ফেরত পাঠিয়ে দেয়া হয়। দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হয়। সেবার জেরিকোতে উভয় দলের প্রবেশের ওপরই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
ম্যানেজার হুর বলেন, এমনকি কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের আগে দেশের মাটিতে আমরা কোন প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করতে পারি না। তার পরিবর্তে আমরা মিসর অথবা জর্ডানে ক্যাম্প করে থাকি। সারা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের বাধা পেরিয়ে একত্রিত হওয়া খেলোয়াড়দের পক্ষে সম্ভব নয়।
তিনি বলেন, ইসরাইলি বাহিনীর হামলায় আমাদের জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় নিহত হয়েছে। অনেকে ইসরাইলি কারাগারে বন্দি রয়েছে।
তিনি বলেন, ইসরাইলি সামরিক বাহিনী ২০০১ সালে পশ্চিম তীরে গুলি করে আমাদের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার তারিক আল কাতুকে হত্যা করেছে। শাকের হাসুনাও তাদের হাতে একইভাবে নিহত হয়েছে।
হুর বলেন, দখলদার ইসরাইলি বাহিনীর আগ্রাসনে অনেক খেলোয়াড় পঙ্গু হয়ে গেছে। কোন কারণ ছাড়াই ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের (পিএফএফ) একজন খেলোয়াড়কে জেলে আটকে রাখা হয়েছে বলে তিনি জানান।
হুর বলেন, যেখানে ফুটবল আমাদের আত্মার সাথে জড়িত সেখানে আমরা একটি ফুটবল লিগ ঠিকমতো আয়োজন করতে পারি না। সারা দেশের বিভিন্ন নিরাপত্তা চেকপয়েন্টের কারণে একটি ফুটবল লিগ শেষ করতে আমাদের কমপক্ষে দুই বছর সময় লাগে।
ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের ডেপুটি মহাসচিব হুর বলেন, আমাদের দেশে ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা।
তিনি বলেন, কোন শঙ্কা ব্যতিরেকে আমরা কোন ফুটবল ম্যাচ বা টুর্নামেন্ট আয়োজন করতে পারি না। এমনও হয়েছে ইসরাইলি সেনাবাহিনী শুরু হওয়া ম্যাচ মাঝপথে বন্ধ করে দিয়েছে।
ফিলিস্তিনের ফুটবল ম্যানেজার ও কোচ উভয়ই আশাবাদী ভঙ্গিতে বলেন, বিশ্বের শক্তিশালী একটি দলে পরিণত হওয়ার স্বপ্ন লালন করা কখনোই তারা ত্যাগ করবেন না।
‘একদিনে ফুটবলের মাধ্যমে বিশ্ব আমাদের চিনবে’।
