২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ কাপের শেষ আটে তাজিকিস্তান, পাকিস্তান -- ম্যাকাও ম্যাচ ড্র

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার এএফসি চ্যালেঞ্জ কাপের ডি গ্র“পের খেলায় পাকিস্তান দুই বার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২- ২ গোলে ড্র করেছে ম্যাকাওয়ের সাথে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় দুই প্রতিবেশি দেশের লড়াইয়ে কিরঘিজস্তান ১ -- ০ গোলে তাজিকিস্তানকে হারিয়ে শেষ আটে ওঠার লড়াইটাকে আরও বেশি গানিতিক করে তুলেছে।

ডি গ্র“প থেকে ছয় পয়েন্ট এবং গোল ব্যবধানে তাজিকিস্তানের শীর্ষস্থান অনেকটা নিশ্চিত হয়ে গেছে। এই গোল ব্যবধানের বাধা ডিঙ্গিয়ে গ্র“প চ্যাম্পিয়ন হতে গেলে কিরঘিজস্তানকে শেষ ম্যাচে ম্যাকওয়ের বিরুদ্ধে ৬ -- ০ গোলের বড় ব্যবধানে জিততে হবে।

এদিকে শেষ আটে জায়গা করে নিতে হলে কিরঘিজস্তান এবং ম্যাকাওয়ের ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষায় থাকতে হবে পাকিস্তানকে। তবে কোয়ার্টারফাইনালে খেলতে হলে ম্যাকাওয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে কিরঘিজদের ড্র করলেই চলবে।

দিনের প্রথম ম্যাচে প্রতিবেশি কিরঘিজদের বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামে তাজিকিস্তান। নিয়মিত একাদশের সাত ফুটবলারকে বাইরে রেখেইে দল সাজায় তাজিকিস্তান।

অন্যদিকে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মত অবস্থা কিরঘিজস্তানের। ফলে ম্যাচটি তাদের জন্য হয়ে দাঁড়িয়েছিল ‘ডু অর ডাই’ ম্যাচে। ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রনও ছিল কিরঘিজদের পায়ে। ২২ মিনিটে আন্দ্রে ক্রাসনভ গোল করে সব উত্তেজনার অবসান ঘটান।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের জয় না পাওয়াটা দুর্ভাগ্য ছাড়া কিছুই বলা যায় না। কারণ দুর্বল ম্যাকাওয়ের বিপক্ষে দুই বার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে ফিরতে হয়েছে তাদের। পাকিস্তানি ফরোয়ার্ডরা যেন এদিন গোল মিসের মহড়ায় মেতে উঠেছিলেন।

বিপরীতে ম্যাকাও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে ম্যাচ জেতার আশাও জাগিয়েছিল। এক্ষেত্রে তাদের জয়ের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের গোলক্ষক জাফর।

খেলার ১২ মিনিটে সতীর্থ ফুটবলারের কাছ থেকে বল পেয়ে প্রথম গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আদেল। কিন্তু পাঁচ মিনিট পরই ম্যাকাওয়ের স্ট্রাইকার কিন চ্যান সেং গোল করে সমতা ফেরান।

৩০ মিনিটে পাকিস্তানের মোহাম্মদ ঈসা ম্যাকাও গোলরক্ষক এইচএম চুয়ের মাথার উপর দিয়ে বল বাইরে পাঠিয়ে দেন। তবে ৪২ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল পেয়ে যায় পাকিস্তান। আব্দুল আজিজকে ম্যাকাওয়ের ডিফেন্ডার তাক ইয়ান উন নিজেদের সীমানার মধ্যে অবৈধভাবে বাধা দিলে রেফারী পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করেন আজিজ।

দ্বিতীয়ার্ধের সাত মিনিটেই আবারও সমতা ফেরায় ম্যাকাও। এবারও গোলদাতা সেই কিন চ্যান সেং।