২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ এ দলকে হারিয়ে সিরিজে ফিরলো শ্রীলঙ্কা

খুলনার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কা এ দল বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে ফিরেছে। সিরিজে এখন ১- ১ এ সমতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 08:01 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

বাংলাদেশের ৫০ ওভারে আট উইকেটে ২১১ রানের জবাবে শ্রীলঙ্কা এ দল ৪৮ দশমিক চার ওভারে পাঁচ উইকেটে ২১৪ রান করে জয় তুলে নেয়।

সফরকারী দলের গজানায়েকে পাঁচটি চার এবং দু’ টি ছক্কার সাহায্যে ৫৯ রান করে একাই দু’ দলের মধ্যে পার্থক্য গড়ে দেন। এছাড়া ওপেনার ইয়ান ডেনিয়েল ও উপুল চন্দনা দু’জনেই ৩১ রান করে সংগ্রহ করেন।

বাংলাদেশ এ দলের সাকিব আল হাসান ৩৮ রান খরচায় তিন উইকেট লাভ করেন। সাকিব পরে ব্যাট হাতে খেলেন সর্বোচ্চ ৪১ রানের ইনিংস। এতে দু’টি চার এবং একটি ছক্কার মারও রয়েছে। এছাড়া পাভেল ৩২ এবং এহসানুল হক সেজান ২৯ রান করেন। অলরাউন্ডার মোহাম্মদ শরীফ করেন ২৮ রান।

লঙ্কান পেসার গানেগামা তিনটি, উপুল চন্দনা ও কুলাসেকারা দু’টি করে উইকেট লাভ করেন।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম ম্যাচে বাংলাদেশ ৩০ রানে জয়লাভ করে। খুলনার একই ভেন্যুতে শনিবার দু’দলের মধ্যকার তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।