অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ: টেস্ট দলে ফিরলেন মাশরাফি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজে ১৪ সদস্যের বাংলাদেশ দলের নাম ঘোষণা করেছে। দলে পরিবর্তন মাত্র একটি। আর সেটা মাশরাফি বিন মুর্তজার টেস্ট দলে ফেরা।
সিরিজের প্রথম টেস্ট নারায়ণগঞ্জ ওসমানি স্টেডিয়ামে ৯ এপ্রিল থেকে এবং চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ১৬ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
তরুণ উইকেট রক্ষক মুশফিকুর রহিমকে সরিয়ে দলে ঢুকে পড়া মাশরাফি ইনজুুিরর কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্টই মিস করেছেন। তবে শ্রীলঙ্কা এবং কেনিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মাশরাফির বল ঠিকই আগুন ঝরিয়েছে।
১৪ সদস্যের দলে নির্বাচকরা তিন জন স্পেশালিষ্ট পেসার এবং দুই স্পিনার রেখেছেন। প্রধান নির্বাচক এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডের মুশফিকুর রহিম, মাঞ্জারুল ইসলাম রানা, আব্দুর রাজ্জাক রাজ এবং তাপস বৈশ্যকে বাদ দিয়েই দল গড়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চুড়ান্ত টেস্ট স্কোয়াড ঘোষণা করতে গিয়ে নির্বাচক দলের কোন চাপের মুখোমুখি হতে হয়নি বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন ফারুক। টেস্টের জন্য চুড়ান্ত স্কোয়াড গড়াটা বেশ কঠিন কাজ হলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা প্রায় আগের দলটিকেই ধরে রাখা হয়েছে বলে জানান তিনি।
ফাস্ট বোলার মাশরাফিকে টেস্ট দলে অর্ন্তভুক্ত করার ব্যাপারে প্রধান নির্বাচক জানান, মাশরাফি টেস্ট খেলার জন্য এখন ফিট। দেশসেরা এই এক্সপ্রেস বোলার যে কোন দলের বিরুদ্ধেই যে কোন কিছুই করে ফেলতে পারেন, আর তেমনটা এর আগে নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি করেও দেখিয়েছেন। অত্যন্ত যুক্তিসঙ্গত যুক্তি প্রধান নির্বাচকের।
মুশফিকুর রহিমকে দল থেকে ‘বাদ দেওয়া হয়েছে’ কথাটা না বলে ফারুক আহমেদ তাকে ‘দলের বাইরে রাখা হয়েছে’ বলতেই স্বস্তিবোধ করলেন। মুশফিককে সরিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের ১৫ জনের স্কোয়াডটাকে ১৪ জনে নামিয়ে আনার যুক্তি দেখালেন ফারুক।
তবে বড় দৈর্ঘ্যর ম্যাচে মুশফিকুরের যোগ্যতার কথাও স্বীকার করে নিয়েছেন তিনি। তাকে দলের বাইরে রাখার ব্যাপারে প্রধান নির্বাচকের মূল যুক্তিটা হলো- শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রত্যাশার পূরণ না ঘটার পর এখন যদি আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ব্যর্থ হয় তাহলে সেটা মুশফিুকরের জন্য হবে হতাশাজনক, আর তাই এই দলের বাইরে রাখা।
প্রতিপক্ষ অস্ট্রেলিয়া সম্পর্কে প্রধান নির্বাচকের মূল্যায়ন অত্যন্ত সোজাসাপ্টা। ‘সম্প্রতি দক্ষিণ আফ্রিকারকে তাদের নিজেদের মাটিতে টেস্ট সিরিজে ৩ -- ০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা অস্ট্রেলিয়ার শক্তি সম্পর্কে কোন সন্দেহ নেই। আর তাই বিশ্বসেরা ক্রিকেটশক্তির বিরুদ্ধে শ্রীলঙ্কা ও কেনিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরজে দুর্দান্ত পারফরম্যান্স করা বাংলাদেশ দলে পরীক্ষা নিরীক্ষা করার কিছু নেই- এমনটাই ধারনা প্রধান নির্বাচকের।
বাংলাদেশ স্কোয়াড: হাবিবুল বাশার (অধিনায়ক), খালেদ মাসুদ (সহ অধিনায়ক), জাভেদ ওমর, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজা, আফতাব আহমেদ, নাফিস ইকবাল, এনামুল হক জুনিয়র, অলক কাপালী, শাহরিয়ার নাফিস, শাহাদত হোসেন এবং সৈয়দ রাসেল।
