২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ কাপে ফিলিস্তিনকে রুখে দিয়েছে বাংলাদেশ

শক্তিশালী ফিলিস্তিনের বিরুদ্ধে ড্রয়ের মধ্য দিয়েই এএফসি চ্যালেঞ্জ কাপে নিজেদের গ্র“প পর্যায়ের লড়াই শেষ করলো বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুধবার সি গ্র“পে ফিলিস্তিন এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচটি ১ -- ১ গোলে ড্র হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

এই ড্রসহ তিন খেলায় দু’দলই সমান সাত পয়েন্ট করে সংগ্রহ করেছে। তবে গ্র“পের শীর্ষস্থানটা রয়ে গেছে ফিলিস্তিনের দখলে। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে ফিলিস্তিন। ফলে রানার্স আপ হয়েই কোয়ার্টারফাইনালে লড়তে হবে স্বাগতিকদের।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে এ গ্র“পে ভারত ও চাইনীজ তাইপের মধ্যকার ম্যাচটিও গোলশুন্য ড্র হয়েছে। খেলার ৬৯ মিনিটে দু’দলের একজন করে ফুটবলার লাল কার্ড পেয়ে মাঠ ত্যাগ করে। ভারতের লালমালস্বমা হামার এবং তাইপের ওয়াইজে চেং খেলা চলাকালীন সময়ে হাতাহাতিতে লিপ্ত হলে রেফারী দু’জনকেই লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করেন।

এ গ্র“পে তিন ম্যাচ শেষে ভারত ও তাইপে পাঁচ পয়েন্ট করে সংগ্রহ করেছে। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টারফাইনালে খেলবে ভারত। 

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বড় ধরনের পরিবর্তিত দল নিয়ে মাঠে নামে বাংলাদেশ। অপেক্ষাকৃত তরুণদের নিয়ে গড়া দলটির শুরুটাও ছিল দারুন। কিন্তু সেই শুরুতেই প্লেমেকার আসাদ হলুদ কার্ডের মুখ দেখলে কিছুটা ছন্দপতন ঘটে স্বাগতিকদের খেলায়।

স্ট্রাইকার আলফাজ, ডিফেন্ডার রজনী, অধিনায়ক জয় এবং স্ট্রাইকার এমিলিকে ছাড়াই এদিন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে নামে তারুণ্যময় বাংলাদেশ। 

প্রথমার্ধের ২৭ মিনিট পর্যন্ত দু’দলই লড়ে গেছে সমানতালে, হয়েছে আক্রমন -- পাল্টা আক্রমন। অবশ্য এই অর্ধেই বাংলাদেশকে প্রথম গোলটি হজম করতে হয়েছে। এ জন্য অবশ্য ডিফেন্সের দুর্বলতাই দায়ি।

ফিলিস্তিন দলের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার স্ট্রাইকার ফাহাদ আত্তাল ২৯ মিনিটে গোল এনে দেন দলকে। সতীর্থ আবু আহমেদের পাস করা বলে আত্তালের শুধু পা ছোঁয়ানো ছাড়া খুব বেশি কষ্ট করতে হয়নি।

অন্যদিকে প্রতিপক্ষের সীমাানায় বাংলাদেশের আক্রমনের ঝড় তখনও চলছে। ৩৮ মিনিটে কাঞ্চনের একটি শট ফিলিস্তিনের ক্রসবার উঁচিয়ে চলেও যায়।

দ্বিতীয়ার্ধের নয় মিনিটে (ম্যাচের ৫৪ মিনিট) বাংলাদেশ পেয়ে যায় কাংখিত সমতাসূচক গোলটি। জাহেদ চৌধুরীর দেওয়া পাসে বল জালে ঠেলতে ভুল করেননি মেহেদী হাসান উজ্জ্বল।

এরপর আরও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছে স্বাগতিকরা। কিন্তু সে সবই ব্যর্থতার ঝুলিতে ঢুকে গেছে। বিপরীতে বাংলাদেশের গোলরক্ষক আমিনুলও ফিলিস্তিনের কয়েকটি নিশ্চিত গোল নস্যাৎ করে দিয়েছেন।