২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোহানেসবার্গ টেস্টে জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যেকার তৃতীয় টেস্ট উত্তেজনাপূর্ণ ও নাটকীয় পর্যায়ে উপণীত হয়েছে। টেস্টের শেষ দিন মঙ্গলবার ম্যাচ জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ৪৪ রান এবং দক্ষিণ আফ্রিকার দরকার ৪ উইকেট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 09:51 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ২৯২ রানের লক্ষ্য বেঁধে দেওয়ার পর সফরকারী অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমেই দ্রুত হারিয়ে বসে দুই উইকেট।

তবে ড্যামিয়েন মার্টিন (অপরাজিত ৯৩ রান) এবং মাইক হোসি (৮৯ রান) জুটি বেঁধে ১৬৫ রান সংগ্রহ করার পর আপাতঃদৃষ্টিতে অস্ট্রেলিয়াকেই ম্যাচ চালকের আসনে মনে হলেও নিজেদের মাটিতে প্রোটিয়াসরা এত সহজেই হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়।

মাত্র ৩৯ রানের বিনিময়ে প্রোটিয়াস বোলাররা তুলে নেয় ৪ টি উইকেট। এর মধ্যে মাখায়া এনটিনি লাভ করেন ৩ টি উইকেট। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

আলোর স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই আম্পায়ার খেলার সমাপ্তি ঘোষণা করে। দিন শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করে।

প্রোটিয়াস ফাস্ট বোলার আন্দ্রে নেল পাকস্থলির সমস্যার কারণে মাত্র দুই ওভার বোলিং করেই মাঠ ছাড়েন। তবে আশা করা হচ্ছে টেস্টের শেষ দিনে তিনি মাঠে নামবেন।

অসি উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাথু হেইডেনকে তৃতীয় টেস্টে দ্বিতীয়বারের প্যাভিলিয়ানে ফেরান প্রোটিয়াস বিধ্বংসি পেসার মাখায়া এনটিনি। হেইডেন রানের খাতা খোলার আগেই তৃতীয় স্লিপে দাঁড়ানো ভিলিয়ারসের হাতে ক্যাচ তুলে দেন।

এরপর অসি দলপতি রিকি পন্টিংকে মারমুখি হওয়ার আগেই থামিয়ে দেন প্রোটিয়াসদের ভারপ্রাপ্ত অধিনায়ক জ্যাক ক্যালিস। ক্যালিসের বলে পন্টিং ব্যক্তিগত ২০ রানের মাথায় উইকেটকিপার বাউচারের হাতে ক্যাচ তুলে দেন।

প্রোটিয়াস বোলারদের দাপটে সফরকারীরা যখন অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন সেই সময় চাপের মুখে অসাধারণ জুটি গড়ে তোলেন হোসি ও মার্টিন।

কিন্তু জয়ের জন্য ৯৪ রান বাকি থাকতে প্রোটিয়াস স্পিনার নিকি বোয়ে আঘাত হানেন অসিদের শিবিরে। তিনি মাইক হোসিকে ব্যক্তিগত ৮৯ রানের মাথায় এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন।

অসি ব্যাটসম্যান এন্ড্রু সাইমন্ডকে ক্যালিস আউট করার পর এনটিনির চমৎকার বোলিংয়ে এডাম গিলক্রিস্ট ও শেন ওয়ার্নকে ফিরে গেলে টেস্ট জয়ের স্বপ্ন জাগিয়ে রাখে প্রোটিয়াসদের।