চ্যালেঞ্জ কাপের কোয়ার্টারফাইনালে বাংলাদেশ, ফিলিস্তিন (রাউন্ড আপ)
এএফসি চ্যালেঞ্জ কাপের প্রত্যাশিত কোয়ার্টারফাইনালে উঠে গেছে বাংলাদেশ এবং ফিলিস্তিন। সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্টের সি গ্র“পে বাংলাদেশ ও ফিলিস্তিন নিজ নিজ ম্যাচে জয় নিয়ে কোয়ার্টারফাইনাল নিশ্চিত করে।
ফিলিস্তিন ৪-০ গোলে কম্বোডিয়াকে এবং বাংলাদেশ ৩-০ গোলে গুয়ামকে হারায়। দু’টি দলই দুই ম্যাচ খেলে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে। দুই দল ৫ এপ্রিল গ্র“পের শীর্ষস্থান দখলের লড়াইয়ে নামবে। বাংলাদেশ প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ২-১ গোলে হারিয়েছিল।
সোমবারের একতরফা ম্যাচে মিডফিল্ডার আবুল হোসেন দু’টি এবং স্ট্রাইকার জাহিদ হোসেন এমিলি একটি গোল করেন।
অন্যদিকে চট্টগ্রাম স্টেডিয়ামে এ গ্র“পের খেলায় আফগানিস্তান ২- ২ গোলে ড্র করে চাইনীজ তাইপের সাথে। ভারত ও ফিলিপাইনের মধ্যকার গ্র“পের অপর ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়।
ফিফা র্যাংকিংয়ের তলানীর দল গুয়াম আগের ম্যাচে ফিলিস্তিনের বিরুদ্ধে ১১- ০ গোলে বিধ্বস্ত হলেও বাংলাদেশের বিরুদ্ধে সম্পূর্ন রক্ষনাত্মক কৌশল অবলম্বন করে খেলে। আর গুয়ামের এই রক্ষণবুহ্য ভাঙতে বাংলাদেশকে খেলার ৪৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
৪৯ মিনিটে এমিলির মাধ্যমে গুয়ামের রক্ষণভাগে ফাটল ধরাতে সক্ষম হয় স্বাগতিকরা। প্রতিপক্ষের সীমানার মধ্যে মেহেদী হাসান উজ্জ্বলের বাড়িয়ে দেওয়া বলে চমৎকার প্লেসিং শটে গোল করে দলকে এগিয়ে দেন এমিলি।
এর আগে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করা মিডফিল্ডার আবুল হোসেন ৮৩ মিনিটে দলকে দ্বিতীয় গোল উপহার দেন। গুয়ামের তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে ঠেলেন আবুল।
দুই মিনিট পর বাঁ পায়ের ফিরতি শটে আবুল তৃতীয় গোল করলে বাংলাদেশের আক্রমনে নতুন মাত্রা পায়। বাঁ প্রান্তের কর্ণার থেকে পারভেজ বাবুর শটটি গুয়ামের ডিফেন্ডাররা গোললাইন থেকে ফিরিয়ে দিলেও ফিরতি বলে টোকা দিতে ভুল করেননি আবুল।
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে আফগানিস্তান প্রথমার্ধে ২ -০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। খেলার ২০ ও ২৩ মিনিটে দু’টি গোলই করেন হাফিজুল্লাহ।
দ্বিতীয়ার্ধের দুই মিনিটে চাইনীজ তাইপের চুয়াং এবং ম্যাচের ৭৩ মিনিটে ডব্লিউ হুয়াং দুই গোল করে খেলায় সমতা ফেরান।
একই ভেন্যুতে অনুষ্ঠিত ভারত ও ফিলিপাইনের মধ্যকার ম্যাচটি ১ -১ গোলে ড্র হয়। দু’টি গোলই হয় খেলার প্রথমার্ধে।
