২য় ইনিংসে বাজে সূচনার মুখোমুখি শ্রীলংকা ‘এ’
বাংলাদেশের বোলারদের দ্রুত দুই উইকেট শিকার ও একটি রান আউটের সুবাদে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শ্রীলংকা ‘এ’ এবং বাংলাদেশ ‘এ’ দলের মধ্যেকার চারদিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা সফরকারী দলকে চাপের মুখে ফেলেছে স্বাগতিকরা।
তৃতীয় দিন শেষে সফরকারী শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে। ওয়ার্নাপুরা ২১ রানে ও মেন্ডিস নয় রানে অপরাজিত রয়েছেন।
স্কোরবোর্ডে কোন রান যোগ হওয়ার আগে শ্রীলংকা ‘এ’ দলের উদ্বোধনী ব্যাটসম্যান কালাভিটিগোডাকে ইনিংসের চতুর্থ বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে দ্রুতগতির বোলার মাশরাফি বিন মোর্তজা বাংলাদেশ দলকে প্রথম সাফল্য এনে দেন।
শ্রীলংকার ইনিংসে সংগ্রহ যখন ১৫, তখন আরেক দ্রুতগতির বোলার তাপস কুমার বৈশ্য আঘাত হানেন। অপর উদ্বোধনী ব্যাটসম্যান ড্যানিয়েল (৩) তাপসের বলে জামাল বাবুর হাতে ক্যাচ তুলে দিয়ে সাঁজঘরে ফেরত আসেন।
দলীয় স্কোর ২১ রানের সময় তাপস জেহান মুবারককে রান আউট করেন।
প্রথম ইনিংসে ৯৮ রানের লিড থাকার সুবাদে শ্রীলংকা দল এখন ১৪৯ রানে এগিয়ে রয়েছে।
এর আগে স্বাগতিক বাংলাদেশ আগের দিনের দুই উইকেটে ১৭৪ রান নিয়ে খেলতে নেমে ৩৬৮ রানে অলআউট হয়ে যায়।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম তাদের সংগ্রহকে অর্ধশতকে রূপান্তরিত করেন। মেন্ডিসের বলে উইকেটরক্ষক--ব্যাটসম্যান মুশফিক স্ট্যাম্পিং হওয়ার আগে তৃতীয় উইকেট জুটিতে তারা ১০৮ রান সংগ্রহ করেন। মুশফিক চারটি চার ও একটি ছয়ের সহায়তায় ঠিক ৫০ রান করেন।
মুশফিকুরের বিদায়ের পর সাকিব মেহরাব হোসেন জুনিয়রের (২৫) সাথে জুটি গড়ে তোলেন। চতুর্থ উইকেট জুটিতে তারা ৫৭ রান সংগ্রহ করেন। সাকিব নয়টি চারের সহায়তা ৮৫ রান করেন।
অবশ্য বাংলাদেশ ৪৮ রানে তাদের শেষ পাঁচটি উইকেট হারায়। হেরাথ ৮৯ রানে চারটি ও গজনায়েক ১৬ রানে তিনটি উইকেট লাভ করেন।
