২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ শিবিরে ইনজুরি সমস্যা, ১ম ম্যাচে জয়ের আশাবাদ

এএফসি চ্যালেঞ্জ কাপে স্বাগতিক বাংলাদেশ প্রথম ম্যাচে কম্বোডিয়ার মুখোমুখি হতে যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 07:49 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

শনিবার থেকে ঢাকা ও চট্টগ্রামে এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যেকার ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উভয় দলেরই পরস্পরের ব্যাপারে কোনো ধারণা না থাকলেও দু’দলই জয়ের ব্যাপারে আশাবাদী।

বাংলাদেশ দলের কোচ ক্রুসিয়ানি বলেন, কম্বোডিয়ার সাথে ম্যাচ নিয়ে তিনি চিন্তিত নন। কিন্তু ইনজুরির কারণে দলের রক্ষণভাগের মূল খেলোয়াড় সুজন ও হাসান আল মামুন একাদশে না থাকায় তার কপালে চিন্তার ছাপ কিছুটা হলেও ফুটে উঠেছে।

আর্জেন্টাইন এই কোচ অবশ্য আশা প্রকাশ করে বলেন, রজনী, নজরুল, ফয়সল আহমেদ এবং পারভেজ বাবুকে দিয়ে তিনি এই ক্ষতি কাটিয়ে উঠবেন।

স্বাগতিক দলনায়ক আরিফ খান জয় অবশ্য ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী।

প্রথম ম্যাচে জয় মানেই কোয়ার্টার ফাইনালের দিকে অনেকখানিই এগিয়ে যাওয়া।

জয় বলেন, এ কারণেই প্রথম ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে কম্বোডিয়ান অধিনায়ক ওম বাংলাদেশকে তাদের তুলনায় একটু এগিয়েই রাখলেন। তিনি বলেন, তারা (বাংলাদেশ) নিজেদের মাঠে খেলার সুবিধাটা ভোগ করবে। আমরা মাঠে তাদের সাথে লড়াই করবো। আমরা হারতে চাই না।

কম্বোডিয়ার কোরিয়ান কোচ জং চোল তার দলের ক্রমবর্ধমানর উন্নতির কথা বলেন। তবে বাংলাদেশ দল সম্পর্কে তার কোনো ধারণা নেই বলে তিনি জানালেন।

এই প্রথমবারের মত দু’দল মুখোমুখি হচ্ছে।