বিশ্বকাপ ফুটবলের জন্য ব্রাজিলের গোপন টনিক
যৌনতা ফুটবলারদের কোনো সমস্যা সৃষ্টি করবে বলে মনে করেন না বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ কার্লোস আলবার্তো পেরেরা। তাই তিনি জার্মানিতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ফুটবলে এ ব্যাপারে তার দলের ফুটবলারদের উপর কোন ধরনের বিধি--নিষেধ আরোপের বিরোধী।
পেরেরার পূর্বসূরী লুইস ফিলিপ সোলারি ব্রাজিলের কোচের দায়িত্বে থাকাকালীন ২০০২ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের সময়ে দলের ফুটবলারদের কঠোরভাবে নিয়মানুবর্তিতা পালন করতে হতো। ফুটবলাররা যাতে আরও বেশি স্বচ্ছন্দবোধ করতে পারেন সে জন্য যৌনতাই প্রধান উপজীব্য। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
পেরেরা বলেন, “আমি মনেকরি না ম্যাচের আগের দিন ফুটবলাররা যৌনতায় মিলিত হলে তা তাদের খেলায় কোন প্রভাব ফেলবে। সমস্যা হচ্ছে, তারা নিয়মিত খাওয়া-দাওয়া করে না ও ঘুমায় না। পাশাপাশি তারা সিগারেট ও মদে অতিমাত্রায় আসক্ত হলে তা সমস্যা সৃষ্টি করতে পারে।”
ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো সাম্বা ড্রাম বাজাতে বেশ পটু। তাই বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়নরা বাদ্যযন্ত্র নিয়েই জার্মানিতে যাবে।
পেরেরা আরও বলেন, “মনোবিজ্ঞানীরা বলেছেন, ড্রেসিং রুম এবং হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার সময় হাতে করে কিছু নিয়ে আসতে হবে। ১৯৭০ সালে আমরা এমনটি করেছিলাম। আমরা তাদের জন্য বাদ্যযন্ত্র ক্রয় করেছিলাম এবং ফুটবলাররা তা বাসে বাজিয়ে ছিল।”
