শ্রীলঙ্কার এ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচে লড়ছে বাংলাদেশ
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সফররত শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৪৬৬ রানের জবাবে ওপেনার নাফিস ইকবাল এবং অধিনায়ক তুষার ইমরানের দু’টি অর্ধশতকের সুবাদে দিনশেষে দুই উইকেটে ১৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ১৮ এবং মুশফিকুর রহিম ২২ রানে অপরাজিত রয়েছেন।
তৃতীয় ওভারে লঙ্কান পেসার আহারাসিঙ্গের বলে নাকে আঘাত পেয়ে ওপেনার নাজমুস সাদাত মাঠ ত্যাগ করলেও আরেক ওপেনার নাফিস ইকবাল এবং তুষার ইমরানের ব্যাট থেমে থাকেনি। প্রথম উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান ১১৯ রান করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন।
নাফিস ১০২ বলে দশটি বাউন্ডারির মাধ্যমে ৬২ রান করে ওয়ার্নাপুরার থ্রোতে রানআউট হয়ে যান। দলীয় ১৩১ রানে অধিনায়ক তুষার যখন হেরাথের বলে কটবিহাউন্ড হন তখন তার নামের পাশে লেখা হয়েছে ৫৭ রান। এই রান করার পথে তুষার নয়টি বাউন্ডারি হাঁকান।
এর আগে অতিথিরা পাঁচ উইকেটে ৩৪২ রান নিয়ে দিনের খেলা শুরু করে শেষ পর্যন্ত ৪৬৬ রান করে। সি সিলভা ১১ টি বাউন্ডারি এবং একটি ছক্কায় করেন ৮১ রান।
এনামুল হক জুনিয়র ১১৭ রান খরচায় চারটি এবং জামালউদ্দিন বাবু ৬৭ রানে তিন উইকেট লাভ করেন।
