২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোয়েব মালিকের সেঞ্চুরিতে কলম্বো টেস্ট ড্র

উদ্বোধনী ব্যাটসম্যান শোয়েব মালিকের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সুবাদে বৃহস্পতিবার কলম্বো টেস্ট ড্র করতে সক্ষম হয়েছে পাকিস্তান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

জয়ের জন্য ৪৫৮ রানের লক্ষ্যের পেছনে ছুটে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ম্যাচের শেষ দিন চার উইকেটে ৩৩৭ রান করে।

শোয়েব মালিক ইনিংসের গোড়া পত্তন করতে নেমে শেষ পর্যন্ত ৩৬৯ বলে ২১টি বাউন্ডারি এবং দু’টি ছক্কায় ১৪৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া ফয়সাল ইকবাল ৬০ এবং অধিনায়ক ইনজামাম উল হক ৪৮ রান করেন। শোয়েবের সাথে ২০ রান নিয়ে অপরাজিত থাকেন আব্দুল রাজ্জাক। 

আগের দিনের দুই উইকেটে ৮৯ রান নিয়ে দিনের খেলা শুরু করেন শোয়েব মালিক (৩০) এবং ফয়সাল ইকবাল (৯)। চতুর্থ উইকেট জুটিতে ১১৫ রান তুলে বিচ্ছিন্ন হয় এই জুটি। ৬০ রান করে মাহরুফের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ফয়সাল। ফয়সালের ১৬১ বলের ইনিংসে বাউন্ডারি ছিল মাত্র ছয়টি।

কিন্তু ড্রয়ের লক্ষ্য নিয়ে এগোতে থাকা পাকিস্তানের ব্যাটিং এতটুকুও টলাতে পারেনি মালিঙ্গা, মাহরুফ, মুরালিধরনকে নিয়ে গড়া লঙ্কান বোলিং অ্যাটাক। চতুর্থ উইকেট জুটিতে মালিক এবং অধিনায়ক ইনজামামের প্রতিরোধের সামনে মুখ থুবড়ে পড়ে তাদের সমস্ত প্রচেষ্টা।

লঙ্কানদের সব আক্রমন ভোঁতা করে দিয়ে এই জুটি তুলে নেন মূল্যবান ৮১ রান। ততক্ষনে ম্যাচের ভাগ্যও নির্ধারিত হয়ে গেছে।

ইনজামাম ৮৯ বলে আটি চারে ৪৮ রানের ইনিংস খেলে মুরালিধরনের তৃতীয় শিকারে পরিনত হলেও অন্যপ্রান্তে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন শোয়েব। আব্দুল রাজ্জাককে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে আরও ৭০ রান যোগ করে ম্যাচ ড্র করেই ফেরেন শোয়েব মালিক।

ক্যান্ডিতে সোমবার থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।