তৃতীয় টেস্টে প্রোটিয়াস দলে ডাক পেলেন আমলা ও স্টেইন
ব্যাটসম্যান হাশিম আমলা এবং ফাস্ট বোলার ডালি স্টেইন সফরকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্ট খেলার জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন। শুক্রবার ওয়ান্ডারারসে টেস্ট ম্যাচটি শুরু হবে।
পুনরায় দলে ডাক পাওয়া উভয়েরই ৩ টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে ঘরোয়া ক্রিকেটে দারুন নৈপুণ্য প্রদর্শনের কারণে এবং ডারবানে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের শোধ নেওয়া লক্ষ্যে তাদেরকে দলে নেওয়া হয়েছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
দক্ষিণ আফ্রিকা দল নির্বাচকদের চেয়ারম্যান হারুন লরগেট বলেন, “টেস্ট ক্রিকেটে উভয়েরই অভিষেক হয়েছে এবং এই মৌসুমে তারা ভাল ফর্মে রয়েছে। তারা দলে ফেরার ফলে তৃতীয় টেস্টে ব্যাটিং লাইনের মিডল অর্ডারে শক্তি বৃদ্ধি এবং বোলিং ধারও বাড়বে।
২০০৪ সালের নভেম্বরে ভারতের কলকাতায় আমলার টেস্ট অভিষেক হয়। গত মৌসুমে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলেন। তিনি টেস্টে সর্বোচ্চ ৬২ রান করেন। এই বছর দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টুর্নামেন্ট সুপার--স্পোর্টস সিরিজের ১০ ম্যাচে ৬২ দশমিক ৩৫ গড়ে সর্বোচ্চ ৮৭৩ রান করেন।
ফাস্ট বোলার স্টেইন ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টি টেস্ট খেলে ৮ উইকেট পান। সুপার--স্পোর্টস সিরিজে তিনি ১৭ দশমিক ৬৮ গড়ে ৪১ টি উইকেট পাওয়ার সুবাদে তাকে দলে নেওয়া হয়েছে।
