হরভজনের ঘূর্ণিবলেই হেরে গেলো ইংল্যান্ড
টেস্ট সিরিজ ১ - ১ সমতায় শেষ হওয়ার পর থেকেই ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়ার কথা প্রথম থেকেই বলে আসছিলেন ‘টিম ইন্ডিয়া’র থিংক ট্যাঙ্ক। অন্তত প্রথম ম্যাচের ফলাফলে তারা তাদের কথা রেখেছে। দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে মঙ্গলবার সাত ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি ৩৯ রানে জিতে নিয়েছে রাহুল দ্রাবিড়ের দল। তবে সাত ম্যাচের সিরিজ বলে কথা। ঘুরে দাঁড়ানোর সুযোগ যে কোন দলের সামনে থাকছেই।
ভারতকে সকালে ২০৩ রানে বেঁধে রেখে ইংল্যান্ড নিজেরাই সেই সহজ টার্গেট ছুঁতে পারেনি। মাত্র ৩৮ দশমিক এক ওভারে ১৬৪ রানেই থেমে যায় ইংলিশ সিংহদের জবাব।
ইংল্যান্ডের ইনিংসে মূল ধ্বংসযজ্ঞটা চালিয়েছেন স্পিনার হরভজন সিং। দশ ওভার বল করে ৩১ রানে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত পাঁচ উইকেট শিকারের স্বাদ নিয়েছেন ভারতীয় এই স্পিনার। সাথে ছিলেন পেসার ইরফান পাঠান। মাত্র ২১ রান খরচায় তিন উইকেট তুলে নেন পাঠান।
চার রানের মধ্যে ওপেনার অ্যান্ড্রু স্ট্রস এবং ওয়ানডাউন ওয়েইস শাহকে হারিয়ে প্রাথমিকভাবে চাপের মধ্যে পড়ে সফরকারীরা। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে আরেক ওপেনার ম্যাথু প্রাইর এবং কেভিন পিটারসেন সেই বিপর্যয় কিছুটা হলেও সামাল দিতে সক্ষম হন। এই জুটিতে মূল্যবান ৫৩ রান সংগৃহিত হয়। প্রাইর ২২ রান করে হরভজনের প্রথম শিকারে পরিনত হন।
এরপরই ভারতীয় বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে ইংলিশ ব্যাটিং লাইন আপ। তবে এর মধ্যেই পিটারসেন এবং অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফের ব্যাট কথা বলেছে শাসনের ভঙ্গিতে। এক পর্যায়ে চতুর্থ উইকেট জুটিতে এরা দু’জনে ৬০ রান করে দলকে জয়ের স্বপ্ন দেখাতেও শুরু করেছিলেন। কিন্তু হরভজনের ঘূর্ণিবলে তাসের ঘরের মত হুড়মুড় করে ভেঙ্গে পড়ে ইংলিশদের সব প্রতিরোধ। ১১৭ থেকে ১৬৪, মাত্র ৪৭ রানের এই পথটুকু পাড়ি দিতেই ইংল্যান্ডের বাকি উইকেটগুলো উধাও।
দলের দু’টি সর্বোচ্চ ইনিংসও এসেছে পিটারসেন আর ফ্লিনটফের ব্যাট থেকে। পিটারসেন ৪৯ বলে নয়টি চারে করেন সর্বোচ্চ ৪৬ রান, আর ফ্লিনটফ ৩৭ বলে চারটি বাউন্ডারি এবং দু’টি ছক্কায় দ্রুতগতিতে ৪১ রান তুলে নেন।
সকালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে ছিলনা স্বাগতিকরাও। পেসার কবির আলী, জেমস অ্যান্ডারসন এবং লিয়াম প্লাংকেটের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশিদুর এগোতে পারেনি ভারতীয় স্কোর।
দলীয় ৮০ রানের মধ্যে শেওয়াগ, গম্ভীর, যুবরাজ, কাইফ এবং অধিনায়ক দ্রাবিড়ের মত মূল্যবান পাঁচ উইকেট হারিয়ে রীতিমত অসহায় হয়ে পড়ে চ্যাপেল -- দ্রাবিড়ের ‘টিম ইন্ডিয়া’।
পরের দিকের ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো কিছু আশা করলেও প্রায় নিয়মিত বিরতিতেই ইংলিশ বোলাররা উইকেট তুলে নিয়েছেন।
বিস্ময়কর হলেও সত্যি, বল হাতে পাঁচ উইকেট নেওয়া হরভজন সিংয়ের ব্যাট থেকেই এসেছে ভারতীয় ইনিংসের সর্বোচ্চ রানের ইনিংসটি। ৪৬ বলে তিনটি চার এবং একটি ছয়ে ৩৭ রান করেন হরভজন। এছাড়া রাহুল দ্রাবিড় ৩৪, সুরেশ রায়না ২৪, ইরফান পাঠান ২৮ এবং ধোনি ২০ রান করেন।
ফরিদাবাদে শুক্রবার (৩১ মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে দু’দল।
