২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট লিগ: ঢাকার বিরুদ্ধে চালকের আসনে রাজশাহী

ইস্পাহানি মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগের দশম রাউন্ডের চারদিনের ম্যাচের প্রথম দিনে শুক্রবার রাজশাহীর ব্যাটসম্যানরা ঢাকার বোলারদের ওপর প্রাধান্য বিস্তার করতে সমর্থ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হওয়া চারদিনের ম্যাচের প্রথম দিন শেষে সফরকারী রাজশাহী সাত উইকেট হারিয়ে ৪১৭ রান সংগ্রহ করেছে।

এদিকে লিগ পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চট্টগ্রাম বরিশাল স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে স্বাগতিকদের বিরুদ্ধে চাপের মুখে পড়েছে। সফরকারী চট্টগ্রামকে প্রথম ইনিংসে ২৬৬ রানে অলআউট করে দেওয়ার পর প্রথম দিন শেষে তারা কোনো উইকেট না হারিয়ে ৮০ রান সংগ্রহ করেছে।

আর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিলেট ও খুলনার মধ্যে শুরু হওয়া অপর ম্যাচে সিলেট আগে ব্যাট করা খুলনাকে ২৪৮ রানে অলআউট করে দিয়ে ব্যাট করতে নেমে দিন শেষে দুই উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করেছে।

রাজশাহী বনাম ঢাকা

রাজশাহীর দুই উদ্বোধনী ব্যাটসম্যান মনিরুল ইসলাম ও জহিরুল ইসলাম উদ্বোধনী জুটিতে ৮৮ রানের জুটি গড়ে দলের বিশাল সংগ্রহের ভিত্তি গড়ে দেন।

স্পিনার আরাফাত সানি মনিরুলকে (৫১) সাঁজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভাঙ্গলেও জহিরুল ওয়ানডাউনে খেলতে নামা মাহবুব আলমকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৪৮ রান সংগ্রহ করেন। অবশেষে জহিরুল ৫৫ রান করে তালহা জুবায়েরের বলে  আনোয়ারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান।

দলীয় সংগ্রহ ২০৭ রানের মাথায় ফরহাদ রেজা (৩৬) ফিরে গেলেও রফিকুল ইসলাম ও নাঈম ইসলাম চতুর্থ উইকেট জুটিতে ৭৯ রান ও পঞ্চম উইকেট জুটিতে রফিকুল ও মুশফিকুর রহমান ১২৪ রান সংগ্রহ করেন। মুশফিক দ্রুতগতিতে ৬০ বলে ছয়টি চার ও একটি ছয়ের সহায়তায় ৬১ রান সংগ্রহ করেন।

সোহরাওয়ার্দী শুভ দুই ও জুবায়ের আহমেদ এক রানে অপরাজিত রয়েছেন।

পেসার তালহা ৫৫ রান তিন উইকেট নিয়েছেন।

চট্টগ্রাম বনাম বরিশাল

মনির হোসেনের পাঁচ উইকেট শিকারের সুবাদে বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে চারদিনের ম্যাচের প্রথম দিনে সফরকারী চট্টগ্রাম বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬৬ রানে অলআউট হয়ে গেছে।

চট্টগ্রামের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ৭৮ ও ফয়সাল হোসেন ডিকেন্স ৬৮ রান করেন। এছাড়া ওয়াসলেউদ্দিন ৩৪, এহসানুল হক সিজান ১৮  ও নিজামুদ্দিন ১৩ রান করেন।

খেলার এক পর্যায়ে চট্টগ্রাম পাঁচ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করলেও মাত্র ২১ রানে শেষ পাঁচটি উইকেট হারিয়ে বসে।

জবাবে ব্যাট করতে নেমে বরিশাল কোনো উইকেট না হারিয়ে ৮০ রান সংগ্রহ করেছে। ইমরান আহমেদ ১৮ ও হান্নান সরকার ৬১ রানে অপরাজিত রয়েছেন।

খুলনা বনাম সিলেট

হাসিবুল হোসেন শান্ত ও রেজাউল হকের মারাত্মক বোলিংয়ে চারদিনের ম্যাচের প্রথম দিনে খুলনা প্রথম ইনিংসে সিলেটের বিরুদ্ধে ২৪৮ রানে অলআউট হয়ে গেছে।

খুলনার সগীর আহমেদ মাত্র দুই রানের জন্যে শতকের দেখা পাননি। তিনি ১৪৩ বল মোকাাবেলাায় ১৯টি বাউন্ডারির সাহায্যে ৯৮ রান করেন। এছাড়া জামালউদ্দিন বাবু ১১১ বল খেলে ৬৫ রান করে অপরাজিত থাকেন।

শান্ত ৭৯ রানে পাঁচটি ও রেজাউল ৩৩ রানে তিনটি উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে সিলেট ১৮ রান তুলতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে বসেছে। গোলাম মওলা কোন রান না করেই ও রেজাউল এক রানে অপরাজিত রয়েছেন।