২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ - কেনিয়া তৃতীয় ওয়ানডে বৃহস্পতিবার: সিরিজ জয়ের আশা করছেন বাশার

সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসরে জায়গা করার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে সফররত কেনিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 07:18 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

বগুড়া এবং খুলনায় কেনিয়ার বিরুদ্ধে চার ম্যাচ সিরিজের প্রথম দু’টিতে জিতে এগিয়ে থাকা বাংলাদেশের এখন বাকি দু’টি ম্যাচের মধ্যে অন্তত একটিতে জয় দরকার। আর এই একটি জয়ই বাংলাদেশকে আইসিসি র‌্যাংকিংয়ের দশ নম্বর জায়গাটিতে বসিয়ে দেবে। এবছর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার বুধবার জানিয়েছেন, বৃহস্পতিবারের ম্যাচে জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। দল যেভাবে খেলছে তাতে করে পুরো সিরিজটিও তাদের করায়ত্ত করা সম্ভব বলে জানিয়েছেন বাশার।

তিনি বলেন, প্রথম দু’টি জয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটের ইতহাসে সবচেয়ে সফল এই অধিনায়ক জানান, সিরিজ জয়ই তাদের প্রধান লক্ষ্য, আর সে লক্ষ্যেই তার দল খেলবে।

গত ১৮ মাসে বাংলাদেশ দলের যে পারফরম্যান্স তা নিয়ে কারো মনে কোন সন্দেহ থাকা উচিত নয় বলে মনে করেন বাশার। তার মতে, শ্রীলঙ্কার বিরুদ্ধে উজ্জীবিত নৈপুন্য এবং কেনিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রগতিই প্রমানিত হয়।

বাশার বলেন, কয়েকদিন আগে আমরা অস্ট্রেলিয়া, ভারত এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছি। আমি বিশ্বাস করি দল হিসেবে বাংলাদেশ এখন যেকোন বড় দলের বিরুদ্ধেই লড়ার যোগ্যতা রাখে এবং সেটাই আমাদের প্রধান লক্ষ্য।

বাংলাদেশ অধিনায়ক বলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পারফরম্যান্স বেশ ভালো ছিল এবং এটা দলের উন্নতিরই লক্ষণ। এই উন্নত পারফরম্যান্সই কেনিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ে সহায়তা করবে বলে মনে করেন হাবিবুল বাশার।

কেনিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি ম্যাচ বাংলাদেশ যেভাবে জিতেছে বাকি দু’টি ম্যাচেও একইভাবে জিততে চান অধিনায়ক।

কেনিয়ার পরই এপ্রিলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজ, আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগেই সেরা একাদশ নিয় মাঠে নামতে চান বাশার। কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে দলের কোন রকম ছন্দপতন আশা করছেন না বাশার।

বাশারের মতে, দলের সব বিভাগই ধীরে ধীরে উন্নতি করছে বিশেষ করে কেনিয়ার বিরুদ্ধে দলের টপ অর্ডারের পারফরম্যান্স নিয়ে যারপরনাই খুশি অধিনায়ক বাশার। তবে দলের বোলিং ডিপার্টমেন্টের নতুন দুই অস্ত্র বিশেষ করে সৈয়দ রাসেলকে নিয়ে বেশি উচ্ছ্বসিত অধিনায়ক। শ্রীলঙ্কা সফরের পর থেকেই দলের এই ডান হাতি - বাঁ হাতি বোলিং কম্বিনেশন বেশ কাজে দিচ্ছে বলে মনে করেন তিনি।   

এ ব্যাপারে বাশার বলেন, আগে নতুন বলে বাংলাদেশের শুরুটা বেশ পীড়াদায়ক হতো, কিন্তু বর্তমানে নতুন বলের জুটি বোলিংয়ে শৃংখলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ব্যাট হাতে ভালো করতে পারলেই যে কোন দলের জন্য বাংলাদেশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন বাংলাদেশের সফল এই অধিনায়ক।