২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি কাপে ব্রাদার্স ইউনিয়ন -- মহেন্দ্র ইউনাইটেডের খেলা ড্র

এএফসি কাপ ফুটবলে মঙ্গলবার ভারতের মহেন্দ্র ইউনাইটেড পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে ড্র করতে সক্ষম হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি ২ -- ২ গোলে ড্র হয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

মহেন্দ্র ইউনাইটেডের এটি টানা দ্বিতীয় ড্র। গত সপ্তাহে ভারতীয় দলটি লেবাননের আল আহেদের বিরুদ্ধেও ২ -- ২ গোলে ড্র করে। অন্যদিকে কোচ ওয়াজেদ গাজীর তত্ত্বাবধানে গড়ে ওঠা ব্রাদার্স ইউনিয়ন তাদের আগের ম্যাচে বাহরাইনের আল মুহাররাকের বিরুদ্ধে ০ -- ২ গোলে পরাজিত হয়। এক ম্যাচ হারের পর ড্র, ব্রাদার্সের জন্য নিঃসন্দেহে আশাব্যঞ্জক।

খেলার প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হলেও ৫২ মিনিটে আবুল হোসেন প্রথম গোল করে ব্রাদার্সকে এগিয়ে দেন। কিন্তু সাত মিনিট পরই গোল করে খেলায় ফেরে মহেন্দ্র ইউনাইটেড। দলের ঘানার স্ট্রাইকার ইউসুফ ইয়াকুবি গোলটি করেন।

চার মিনিট পর আবারও এমিলির গোলে লিড নেয় গোপীবাগের দলটি। ৭২ মিনিটে মহেন্দ্র ইউনাইটেডের ব্রাজিলিয়ান স্ট্রাইকার হোসে রামিরেজ বেরেটো দ্বিতীয় গোল করে ড্র নিশ্চিত করেন। দু’টি ড্র নিয়ে ভারতের ফেডারেশন কাপ বিজয়ী দলটি পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে চলে গেছে।

ব্রাদার্স ইউনিয়ন ১৮ এপ্রিল তাদের পরবর্তী হোম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ আল আহেদের মুখোমুখি হবে। অন্যদিকে মহেন্দ্র ইউনাইটেড ১১ এপ্রিল আল মুহাররাকের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে।