মুম্বাই টেস্ট জিততে হলে শেষদিনে ভারতকে রানের পাহাড় টপকাতে হবে
মুম্বাই টেস্টে জিতে সিরিজে সমতা ফেরাতে ভারতের সামনে পাহাড়সম টার্গেট দিয়েছে সফরকারী ইংল্যান্ড। অন্যদিকে ম্যাচের শেষদিনে ৩১৩ রানের যে পাহাড়ে ভারতকে উঠতে হবে সেই যাত্রায় তারা ইতোমধ্যে এক উইকেট হারিয়ে তুলেছে ১৮ রান। মঙ্গলবার চতুর্থ দিন মুম্বাই টেস্টের চিত্রটা এমনই ছিল।
প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসে যে ইংলিশরা খুব একটা সুবিধে করতে পেরেছে তা কিন্তু বলা যায়না। আগের দিনের দুই উইকেটে ৩১ রান নিয়ে খেলতে নেমে ১৯১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। দুই অপরাজিত ব্যাটসম্যান ওয়েইস শাহ এবং ইউদাল বেশিদুর দলকে টেনে নিয়ে যেতে পারেননি। তৃতীয় উইকেট জুটিতে ৪০ রান করার পর বিচ্ছিন্ন হয় এই জুটি।
ওয়েইস শাহ ৩৮ এবং ইউদাল ১৪ রান করেন। মাঝে পিটারসেনও অল্প সংগ্রহে ফিরে যান।
দলীয় ৮৫ রানে পঞ্চম উইকেট পতনের পর ষষ্ঠ উইকেট জুটিতে পল কলিংউড এবং ফ্লিনটফ মূল্যবান ৬৬ রান করে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস কিছুটা স্বাস্থ্যবান করেন। ইনিংসের সর্বোচ্চ রানও এসেছে অধিনায়কের ব্যাট থেকে। ফ্লিনটফ ১৪৬ বলে ছয়টি চার এবং একটি ছয়ে ৫০ রান করে কুম্বলের বলে আউট হন। কলিংউড করেন ৩৩ রান।
ভারতীয় স্পিনার অনিল কুম্বলে প্রথম ইনিংসে একটার বেশি উইকেটের দেখা না পেলেও এই ইনিংসে একাই চার উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং ধসিয়ে দেন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়া আরেক স্পিনার হরভজন সিং এই ইনিংসে নিয়েছেন দুই উইকেট।
এরপর দিনের বাকিটা সময়ে ভারত মাত্র আট ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে। কিন্তু এর মধ্যেই তাদের হারাতে হয়েছে ওপেনারের ভূমিকায় নামা ইরফান পাঠানের (৬) উইকেটটি।
ওয়াসিম জাফর চার এবং নাইটওয়াচম্যান অনিল কুম্বলে আট রানে অপরাজিত রয়েছেন।
ম্যাচের ফলাফল এখন যে কোন দিকেই যেতে পারে, হতে পারে ড্র। জয়ের জন্য ভারতের ব্যাটসম্যানদের উইকেট বাঁচিয়ে যেমন রানের পেছনে ছুটতে হবে, তেমনিভাবে ভারতের বাকি নয়টি উইকেট তুলে নেওয়ার জন্য প্রচুর ঘামও ঝরাতে হবে ইংলিশ বোলারদের। আর সেজন্য বুধবার ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতেই হচ্ছে।
