কমনওয়েলথ গেমসে বাংলাদেশের স্বর্ণ জয়ের শেষ আশা ধূলিসাৎ
ম্যানচেষ্টারে ২০০২ সালের কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদকজয়ী শ্যূটার আসিফ হোসেন খান মঙ্গলবার মেলবোর্নে ১৮ তম কমনওয়েলথ গেমসে পদক ধরে রাখতে ব্যর্থ হয়েছেন, সেইসাথে বাংলাদেশের একমাত্র স্বর্ণ জয়ের আশাও শেষ হয়ে গেছে।
ইভেন্টের চুড়ান্ত পর্বে আট প্রতিযোগীর মধ্যে আসিফ পঞ্চম স্থান লাভ করেন। তিনি মোট ৬৮৭ দশমিক সাত পয়েন্ট স্কোর করেন। আসিফ তার প্রিয় ইভেন্টে নিজের আগের রেকর্ডও অতিক্রম করতে সক্ষম হননি। ম্যানচেষ্টার গেমসে তিনি ৬৯১ দশমিক নয় পয়েন্ট স্কোর করে স্বর্ণপদক লাভ করেন।
তবে এই ইভেন্টে বাংলাদেশের আরেক শ্যূটার অঞ্জন কুমার উল্লেখযোগ্য উন্নতি করেছেন। অঞ্জন মোট ৬৯১ দশমিক সাত পয়েন্ট স্কোর করে চতুর্থ স্থান লাভ করেন।
ভারতের শ্যূটার গগন নারাং ৬৯৮ দশমিক নয় পয়েন্ট নিয়ে স্বর্ণ এবং অভিনব বিন্দ্রা ৬৯৫ দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন। সিঙ্গাপুরের জিন ঝাং মোট ৬৯৬ দশমিক নয় পয়েন্ট নিয়ে এই ইভেন্টের রৌপ্য জয় করেন।
একই দিন পুরুষদের ৫০ মিটার পিস্তল ইভেন্টে বাংলাদেশের তৌফিকুর রহমান ৫২৩ পয়েন্ট নিয়ে ২১ জনের মধ্যে ১৫ তম স্থান লাভ করেন।
