ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে ওয়েস্ট হ্যাম
ডিন এস্টনের জোড়া গোলের সুবাদে এফএ কাপ টুর্নামেন্টে ওয়েস্ট হ্যাম ২--১ গোল ব্যবধানে স্বাগতিক ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে। এ জয়ের সুবাদে ওয়েস্ট হ্যাম টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেছে।
খেলার প্রথমার্ধেই এস্টন দলকে গোল এনে দেন। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার চার মিনিট আগে ডিবক্সের ভেতর থেকে নেয়া তার শট স্বাগতিক দলের গোলরক্ষক ডেভিড জেমসকে ফাঁকি দিয়ে বল জালে আশ্রয় নেয়।
অবশ্য এ ম্যাচে এস্টনের সহজ জয়ের জন্য ম্যানচেস্টার সিটির সান জিহাইয়ের লালকার্ড পাওয়াও কম ভূমিকা রাখেনি। প্রতিপক্ষের ম্যাথু ইদারিংটনের দিকে হাত ছুড়ে মারার অপরাধে খেলার ৫৬ মিনিটের মাথায় চীনের জাতীয় দলের খেলোয়াড় জিহাইকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি হাওয়ার্ড ওয়েব।
এর কিছুক্ষণ পরেই দলকে দ্বিতীয় গোল এনে দেন এস্টন। খেলার ৬৯ মিনিটের মাথায় আবারো ডিবক্সের ভেতর থেকে শট নিয়ে তিনি গোল করেন।
কিকি মুসামপা দারুন ভলির সহায়তায় খেলার ৮৫ মিনিটের মাথায় ম্যানচেস্টার সিটিকে গোল এনে দেন। কিন্তু খেলায় ফিরে আসার জন্য এই একটি মাত্র গোল ১০জনের স্বাগতিক দলটির জন্য যথেষ্ট ছিল না।
