টাইগারদের আসল রূপ দেখলো কেনিয়া
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার বাংলালিংক টাইগার কাপ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জাভেদ ওমর এবং আফতাব আহমেদের দু’টি অনবদ্য হাফ সেঞ্চুরিতে ভর করে কেনিয়ার বিরুদ্ধে নয় উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।
কেনিয়ার ১৬১ রানের জবাবে বাংলাদেশ মাত্র ২৩ দশমিক পাঁচ ওভারেই জয়ের লক্ষ্যে (১৬২/১) পৌঁছে যায়। এই জয়ে চার ম্যাচের সিরিজে বাংলাদেশ ২ -- ০ ব্যবধানে এগিয়ে গেল। সিরিজের বাকি দু’টি ম্যাচ ২৩ ও ২৫ মার্চ নারায়ণগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টানা ছয় ম্যাচ টস জেতার পর খুলনায় এসে হাবিবুল বাশার যখন টস নামের ভাগ্য পরীক্ষায় হেরে গেলেন অজানা একটা আশংকা তখন বাংলাদেশ শিবিরে চেপে বসাটা অমুলক ছিল না।
মাশরাফি, রাসেল, রাজ্জাকদের দুরন্ত বোলিং আর পরে জাভেদ ওমর এবং আফতাব আহমেদের দু’টি ঝকঝকে হাফ সেঞ্চুরি সেই অজানা আশংকাকে কাছেই ঘেঁষতে দেয়নি। আর কেনিয়ার বিরুদ্ধে বাংলালিংক টাইগার কাপ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি নয় উইকেটে জিতে খুলনার নতুন স্টেডিয়ামকেও লাকি গ্রাউন্ডে পরিনত করল হাবিবুল বাশারের দল। বগুড়ায় প্রথম ম্যাচে ১৩১ রানে বড় জয়ের পর খুলনায় নয় উইকেটের এই জয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল টাইগাররা।
বগুড়ার মত খুলনাতেও কেনিয়া একবারের জন্যও বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেনি। তাছাড়া এমনিতেই সাইনাসের কারণে নিয়মিত অধিনায়ক স্টিভ টিকোলো মাঠের বাইরে থাকায় প্রথম থেকেই ব্যকফুটে ছিল কেনিয়া। তারপরও অভিষিক্ত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের পিচ ব্যাটসম্যানদের পক্ষে কথা বলবে সেটা টেলিভিশনের ধারাভাষ্যকাররাও বলে গেছেন বেশ কয়েকবার। টসে জিতে তাই কেনিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক টমাস ওদোয়ো চোখবুজেই ব্যাটিং নিয়ে নেন।
ইস্, ব্যাটিংটা পেলাম না- এমন একটা আক্ষেপ হাবিবুল করতেই পারেন। কিন্তু বোলাররা বলহাতে অধিনায়ককে যা দিয়েছেন তাতে আক্ষেপ তো দুরের কথা হাবিবুলের মুখের হাসি বেশ কয়েকবারই দুই কান ছুঁয়েছে সেটা বলাই বাহুল্য।
নতুন বলে ব্রেকথ্রু এনে দেওয়াটা সৈয়দ রাসেলের কাছে এখন ডালভাতে পরিনত হয়েছে। এবারও ব্যতিক্রম ঘটেনি। নিজের প্রথম ওভারেই কেনিয়ার ওপেনার কেনেডি ওটিয়েনোকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে খুলনার দর্শকদের আনন্দে ভাসান। টিকোলোর পরিবর্তে দলে জায়গা করে নেওয়া মরিস ওউমাকে ফিরিয়ে দিয়ে আবারও গ্যালারী মাতিয়ে তোলেন মাশরাফি। দলের রান তখন মাত্র আট।
পরবর্তীতে ১৭ রান যোগ হতেই সাজঘরে ফেরেন ওটিয়েনো সুজি (১১)। ২৫ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা কেনিয়ার হাল ধরেন ওপেনার ডেভিড ওবুইয়া এবং অভিজ্ঞ হিতেশ মোদী। চতুর্থ উইকেট জুটিতে দু’জনে মিলে ৪৯ রান করে দলের রানের চেহারাকে কিছুটা হলেও সম্মানজনক রূপ দেন। কেনিয়ার ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রানও এসেছে এই দু’জনের ব্যাট থেকে। দু’জনেই ৩০ রান করে সংগ্রহ করেছেন।
প্রথম ম্যাচের সর্বোচ্চ স্কোরার তন্ময় মিশ্র এবারও করেছেন ইনিংসের সর্বোচ্চ রান। ৫১ বলে তিনটি চারে ৩৩ রান করে রান আউট হন মিশ্র।
বগুড়ায় প্রথম ম্যাচে তিন উইকেট নিয়ে কেনিয়ার ভিত নড়িয়ে দেওয়া পেসার সৈয়দ রাসেল এই ম্যাচেও নিয়েছেন তিন উইকেট। পুরো দশ ওভার বল করে মাত্র ২৮ রান দিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও নিয়ে গেছেন রাসেল। অপর প্রান্তে রাসেলের নতুন বলের সঙ্গী মাশরাফি আগের ম্যাচে উইকেট না পাওয়ার ঝালটা মিটিয়েছেন ভালোভাবেই। ২৬ রান খরচায় তুলে নিয়েছেন দুই উইকেট। স্পিনার আব্দুর রাজ্জাকও নিয়েছেন দুই উইকেট।
বাংলাদেশের ইনিংসে অবশ্য বলার মত কিছই নেই। উদ্বোধনী জুটিতে শাহরিয়ার নাফিস এবং জাভেদ ওমর ৬৯ রান করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। উল্লেখ করার মধ্যে শুধু শাহরিয়ারের উইকেট পতনকে বলা যায়। আগের ম্যাচে নয় রানের জন্য সেঞ্চুরি মিস করা শাহরিয়ার ২৮ রান করে অনগন্ডোর বলে ওবুইয়ার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
বাকি কাজটুকু নির্ভরতার সাথেই সম্পন্ন করেন জাভেদ এবং আফতাব। দু’জনই খেলেছেন তাদের স্বভাবসুলভ খেলা। জাভেদ ধীরস্থিরভাবে খেলে ৭৯ বলে ১১টি বাউন্ডারির মাধ্যমে ৬৪ রান করেন। অন্যদিকে ওয়ানডে স্পেশালিষ্টের আখ্যা পাওয়া আফতাব বরাবরের মত খেলেছেন ঝড়ো ইনিংস। চট্টলার এই তরুণ মাত্র ৩১ বলে নয়টি চার এবং দু’টি বিশাল ছক্কায় ৫৯ রান করেন। প্রথম ম্যাচেও আফতাব ৬৯ বলে ৬২ রান করেছিলেন।
সংক্ষিপ্ত স্কোর: কেনিয়া- ৪৯ দশমিক পাঁচ ওভারে ১৬১/১০ (মিশ্র ৩৩, মোদী ৩০, ওবুইয়া ৩০, ওদোয়ো ১৮, কামান্ডে ১২, টনি সুজি ১১, অতিরিক্ত ১৪, রাসেল ৩/২৮, মাশরাফি ২/২৬, রাজ্জাক ২/৩০)
বাংলাদেশ- ২৩ দশমিক পাঁচ ওভারে ১৬২/১ (জাভেদ ৬৪ নটআউট, আফতাব ৫৯ নটআউট, শাহরিয়ার ২৮, অতিরিক্ত ১১, অনগন্ডো ১/১৭)।
