জাতীয় ক্রিকেটে জয়ের দ্বারপ্রান্তে চট্টগ্রাম
ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগের নবম রাউন্ডের চারদিনের ম্যাচে দুই শীর্ষ দলের লড়াইয়ে চালকের আসনে বসে গেছে চট্টগ্রাম। বিকেএসপিতে রোববার ম্যাচের তৃতীয় দিন রাজশাহীর বিরুদ্ধে ২৮৫ রানের লিড নিয়েছে চট্টগ্রাম।
রাজশাহীকে প্রথম ইনিংসে ২৪০ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ১০১ রানের লিড পায় চট্টগ্রাম। বন্দরনগরী দল দ্বিতীয় ইনিংসে দিনশেষে এক উইকেটে সংগ্রহ করেছে ১৮৪ রান।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে খুলনার পাল্টা আক্রমন সত্ত্বেও ঢাকা প্রথম ইনিংসে ২০০ রানের লিড পেয়েছে। দ্বিতীয় ইনিংসে ঢাকা দিনশেষে তিন উইকেট খুইয়ে ১১৪ রান করেছে। ঢাকার প্রথম ইনিংসে ৪৬৪ রানের জবাবে খুলনা প্রথম ইনিংসে অধিনায়ক তুষার ইমরানের ১৯৮ রানের সুবাদে ৩৭৮ রান করতে সক্ষম হয়।
বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের বিরুদ্ধে ম্যাচটিকে ড্রয়ের দিকে নিয়ে যাচ্ছে স্বাগতিক দল। সিলেটকে ৩২২ রানে অলআউট করে দিলে বরিশাল ৩২ রানের লিড পায়। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩৫৪ রান।
চট্টগ্রাম বনাম রাজশাহী
চট্টগ্রামের প্রথম ইনিংস প্রায় ধরে ফেলেছিল রাজশাহী, সেইসাথে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন ব্যাটসম্যান নাঈম ইসলাম। নাঈম ২৩৫ বলে ১২টি বাউন্ডারির মাধ্যমে করেন ৯৬ রান। এছাড়া কামরুল ইসলাম করেন ২৮ রান।
দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম এক উইকেটে ১৮৪ রান তুলতে সক্ষম হয়েছে। উদ্বোধনী জুটিতে নাফিস ইকবাল এবং তামিম ইকবাল ৬৯ রান করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন। তামিম ৬৪ বলে ৪৯ রান করেন। নাফিস ৮১ এবং নাজিমউদ্দিন ৪৩ রানে অপরাজিত রয়েছেন।
ঢাকা বনাম খুলনা
আগের দিন ৫০ রানে অপরাজিত থাকা খুলনার অধিনায়ক তুষার ইমরান তৃতীয় দিন তার সেঞ্চুরি পূরণ করেন। তুষারের ১৯৮ রানের কল্যানেই খুলনা শুধু ফলোঅনই এড়াতে সক্ষম হয়নি ঢাকাকেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে হয়েছে।
ছয় উইকেটে ১৫৭ রান নিয়ে দিনের সূচনা করে খুলনা প্রথম ইনিংসে ৩৭৮ রান করে। ৮৬ রানের লিড পায় ঢাকা।
দ্বিতীয় ইনিংসে ঢাকা দিনশেষে তিন উইকেটে করেছে ১১৪ রান। মেহরাব হোসেন অপি দুই এবং মেহরাব হোসেন জুনিয়র ১৪ রানে অপরাজিত রয়েছেন।
সিলেট বনাম বরিশাল
বিনা উইকেটে ৭৩ রান নিয়ে দিনের সূচনা করে সিলেট ৩২২ রানের প্রথম ইনিংস শেষ করে। বরিশালের লিড দাঁড়ায় ৩২ রানের। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন ৬২ এবং গোলাম রহমান ৮৮ রান করেন। এছাড়া গোলাম মাওলা করেন ৫১ রান। বরিশালের বোলার মার্শাল আইয়ুব ৯০ রানে ছয় উইকেট লাভ করেন।
বরিশাল সোমবার তাদের দ্বিতীয় ইনিংস শুরু করবে।
