কমনওয়েলথ গেমসে বাংলাদেশের সাঁতারুদের হতাশ করা একটি দিন
মেলবোর্নে ১৮ তম কমনওয়েলথ গেমসে রোববার বাংলাদেশের সাঁতারুদের জন্য একটি হতাশ করা দিন অতিবাহিত হয়েছে। এদিন সাঁতারু জুয়েল আহমেদ ৫৯ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ৩২ জন সাঁতারুর মধ্যে ২৩ তম স্থান লাভ করেন।
জুয়েল এর আগে ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ৪৩ জনের মধ্যে ২৮ তম স্থান লাভ করেন। কমনওয়েলথের এর আগের আসরে জুয়েল একই ইভেন্টে সময় নিয়েছিলেন ৫৯ দশমিক ৭৩ সেকেন্ড।
বাংলাদেশের আরেক সাঁতারু রবেল রানা ১০০ মিটার ব্যাকস্ট্রোকের এক নম্বর হিটে অংশ নিয়ে এক মিনিট ০৩ দশমিক ৫৩ সেকেন্ড সময় নিয়ে ২৫ জন প্রতিযোগীর মধ্যে ২৪ তম স্থান লাভ করেন।
মহিলাদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৭ জন সাঁতারুর মধ্যে সবুরা খাতুন ২৫ তম হন। তিনি সময় নেন ৩৬ দশমিক ৮১ সেকেন্ড। বাংলাদেশ দলের একমাত্র মহিলা সাঁতারু ৫০ মিটার ফ্রিস্টাইলেও ৪৫ জনের মধ্যে শেষ থেকে দ্বিতীয় হয়েছেন। এক্ষেত্রে তিনি সময় নেন ৩১ দশমিক ০৯ সেকেন্ড।
