রাজ্জাকের ব্যাটে পাকিস্তানের স্বস্তির জয়
কে বলবে শ্রীলঙ্কার এই দলটিই কয়েকদিন আগে বাংলাদেশে এসে দোর্দন্ড প্রতাপে ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে দেশ ফিরে গেছে। ৯৮ রানেই আট উইকেট উধাও। আর ইনিংসের সর্বোচ্চ রান ৪৮। কলম্বোতে রোববার পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে এমনই ছিল শ্রীলঙ্কার ব্যাটিংয়ের চিত্র।
লো স্কোরিং ম্যাচটি জিতেছে পাকিস্তান (১৩৪/৬), কিন্তু কাঠখড় তাদেরও কম পোড়াতে হয়নি। শ্রীলঙ্কার ১৩০ রান টপকে চার উইকেটে জয় পেতে তাদের খোয়াতে হয়েছে ছয় উইকেট। বিজয়ীদের ইনিংসেও সর্বোচ্চ রান ওই চল্লিশের ঘরেই। ৪১ রান এসেছে আব্দুল রাজ্জাকের ব্যাট থেকে, আর তাতেই স্বস্তির এক জয় পায় সফরকারীরা।
টসে হেরে শ্রীলঙ্কা যে ব্যাটিং সূচনা করে তাকে দুঃস্বপ্নের সাথেই তুলনা করা চলে। তিন রানে প্রথম উইকেট, সাত রানে দ্বিতীয় উইকেট এবং ১৬ রানে তৃতীয় উইকেট হারিয়ে রীতিমত লেজেগোবরে অবস্থা স্বাগতিকদের। ৯৮ রানে পৌঁছাতেই আরও পাঁচ উইকেট হাওয়া।
স্বাগতিকদের মান যা বেঁচেছে তা ওই তিলকরতেœর ব্যাটের কল্যানেই। ছয় নম্বরে নেমে দিলশান ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে ৭৫ বলে তিনটি চারে সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত থেকে যান। শেষ দিকে কুলাসেকারা ১১ এবং লাসিথ মালিঙ্গা ১৫ রান করে দলের রানকে শতরানের কোটা পেরোতে সহায়তা করেন।
পাকিস্তানের বোলারদের উৎসবের দিনে অসহায় আত্মসমর্পন করা ছাড়া কোন উপায় ছিল না লঙ্কানদের। তিন উইকেট নিয়ে বোলারদের উৎসবে নেতৃত্বে দিয়েছেন রানা নভেদ। দু’টি করে উইকেট নিয়ে তার সঙ্গী ছিলেন ইফতেখার আঞ্জুম, আব্দুল রাজ্জাক এবং শহিদ আফ্রিদি।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে সর্ষে ফুল দেখেছেন পাক ব্যাটসম্যানরাও। ৪৭ রানে পাঁচ উইকেট হারালে জয়ের আশায় নেচে ওঠে প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারী। কিন্তু ওই পর্যন্তই। মোহাম্মদ ইউসুফ, আব্দুল রাজ্জাক এবং কামরান আকমলের তিনটি হার না মানা ইনিংসে বিপদ সামলে ওঠে ইনজামামের দল। দলীয় ৮২ রানে মোহাম্মদ ইউসুফ (২৬) আউট হয়ে যাওয়ার পর সপ্তম উইকেট জুটিতে রাজ্জাক এবং আকমল ৫২ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। রাজ্জাক ৪১ এবং আকমল ২০ রানে অপরাজিত থাকেন।
