২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেক ওয়ানডে ম্যাচের জন্য প্রস্তুত খুলনা

মাঝে বাকি মাত্র একটি দিন। তারপরই আর্ন্তজাতিক ক্রিকেটাঙ্গনে অভিষেক ঘটবে খুলনার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের। সোমবার বাংলাদেশ এবং কেনিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দিয়ে অভিষেক ঘটবে দেশের নতুন এই স্টেডিয়ামের।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 08:28 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

অভিষেক ম্যাচকে ঘিরে দেশের দক্ষিণাঞ্চলীয় শহর খুলনাসহ বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল সবকটি শহরেই এখন টানটান উত্তেজনা। পুরো খুলনা সেজেছে নতুন সাজে। সম্পন্ন হয়েছে সবধরনের প্রস্তুতি। অভিষেক ম্যাচ উপভোগ করার অপেক্ষায় প্রহন গুনছেন খুলনাবাসী।

এদিকে শনিবার বিকেলেই বগুড়া থেকে খুলনা পৌঁছে গেছে বাংলাদেশ এবং কেনিয়া। বগুড়ায় প্রথম ওয়ানডেতে কেনিয়াকে ১৩১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চার ম্যাচের সিরিজে ১ -- ০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

খুলনায় বাংলাদেশ দল মিলেনিয়াম ইন্টারন্যাশনাল হোটেল এবং কেনিয়া দল হোটেল রয়েলে অবস্থান করবে। রোববার নতুন ভেন্যুতে অনুশীলন করবে দু’দল।

এই ম্যাচের জন্য তিন শ্রেনীর ভিআইপি টিকিটসহ মোট ১৫ হাজার টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিরাজ করছে হাহাকার। পঞ্চাশ টাকার টিকিট কালোবাজারে দেড়শ’ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।