২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটে রাজশাহীর বিরুদ্ধে চট্টগ্রামের জয়

ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর অপ্রতিরোধ্য গতি অবশেষে চট্টগ্রামের কাছে এসে থেমে গেছে। বিকেএসপিতে লিগের নবম রাউন্ডের একদিনের ম্যাচে বৃহস্পতিবার চট্টগ্রাম ৩৮ রানে ধরাশায়ী করেছে রাজশাহীকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

অন্যদিকে রানার্স আপের লড়াইয়ে থাকা ঢাকাও এদিন ধানমন্ডি স্টেডিয়ামে খুলনার বিরুদ্ধে ৫০ রানে জয় পেয়েছে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বরিশালকে তিন উইকেটে হারিয়েছে স্বাগতিক দল।

নয় ম্যাচে রাজশাহী ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। সমানসংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম ও ঢাকার সংগ্রহ দশ পয়েন্ট।

চট্টগ্রাম বনাম রাজশাহী

প্রথম ব্যাট করে চট্টগ্রাম নাজিমউদ্দিনের সর্বোচ্চ ৫৭ রানের সুবাদে সবকটি উইকেট হারিয়ে ২০৪ রান করে। এছাড়া ফয়সাল হোসেন ৩৪, মাসুমদ্দৌলা ২৭ রান করেন। রাজশাহীর কামরুল ইসলাম ১৭ রানে তিন উইকেট দখল করেন।

অষ্টম রাউন্ডে অপরাজিত রাজশাহী জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৬ রানে গুটিয়ে যায়। ইলিয়াস সানী এবং ইয়াসিন আরাফাত তিনটি করে উইকেট তুলে নেন। রাজশাহীর পক্ষে ফরহাদ রেজা ৩৪, আনিসুর রহমান ৩২ অপরাজিত এবং কামরুল ইসলাম ২৯ রান করেন।

ঢাকা বনাম খুলনা

প্রথম ব্যাট করে ঢাকা ওপেনার উত্তম কুমারের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে নয় উইকেটে ২৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। উত্তম ১০০ বলে ১৯টি বাউন্ডারি এবং দু’টি ছক্কার মাধ্যমে ১২৪ রান করেন। আরেক ওপেনার আনোয়ার হোসেন ১০৮ বলে করেন ৫৬ রান। এছাড়া সাজ্জাদ কাদির ২৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন।

খুলনার নাজমুস সাদাত ৫৯ রানে চারটি এবং এম সাদিক ২৩ রানে তিন উইকেট লাভ করেন।

জবাবে নাজমুস সাদাতের ৫৫ এবং সগীর হোসেনর ৬৬ রানও খুলনার পরাজয় ঠেকাতে পারেনি। এর মূলে অবশ্য ছিল মোহাম্মদ শরীফের মারাত্মক বোলিং। শরীফ ২৯ রানে পাঁচ উইকেট তুলে নেন। তুষার ইমরান ৪৮ বলে ৪৯ রান করেন।

সিলেট বনাম বরিশাল

প্রথম ব্যাট করে বরিশাল ৫০ ওভারে নয় উইকেটে ২২৮ রান করে। দলের পক্ষে ইশরাক সনেট ৫২, মার্শাল আইয়ুব ৩৭ রান করেন। সিলেটের হাসিবুল হোসেন ৪১ রানে পাঁচটি এবং নাবিল সামাদ ৩৫ রানে তিন উইকেট লাভ করেন।

জবাবে সিলেট ৪৮ দশমিক এক ওভারে সাত উইকেট খুইয়ে ২৩১ রান করে জয় ছিনিয়ে নেয়। ইমতিয়াজ হোসেন ৬৭ এবং গোলাম মাবুদ ৫৪ রান করেন।