২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া স্টেডিয়ামে শুক্রবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ - কেনিয়া

আর মাত্র কয়েক ঘন্টা পরই পুরনো প্রতিপক্ষ কেনিয়ার বিরুদ্ধে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামবে হাবিবুল বাশারের বাংলাদেশ। নিজেদের ঝালিয়ে নেওয়ার সময়টা খুবই কম, আর সেটা ফুরিয়ে আসছে দ্রুতই। তবে টাইগারদের লক্ষ্য নির্দিষ্ট, কেনিয়ার বিরুদ্ধে আগের পরিসংখ্যান বদলে ফেলে নিজেদের স্থানটা পাকাপোক্ত করা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 05:32 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

বৃহস্পতিবার সকালে অনুশীলন শেষে বাশারের মুখ থেকেও বেরিয়ে এলো পরিসংখ্যানের রূপটা। ‘পরিসংখ্যান বিবেচনা করলে আমাদের চাইতে কেনিয়া অনেক বেশি ভালো দল। তবে আমরা আগের চাইতে এখন অনেক ভালো এবং সংগঠিত, সিরিজটি অন্যরকম হবে বলে আমি আশাবাদি।’

বাংলাদেশের অধিনায়কের লক্ষ্য প্রতিটি ম্যাচ আলাদা আলাদাভাবে খেলা। সিরিজটি ৪ -- ০ তে জিতলেই কেবল খুশি হবেন বাশার।

তাই বলে প্রতিপক্ষকে খাটো করেও দেখছেন না বাশার। অধিনায়কের মতে, বিশ্বকাপের সেমিফাইনালে খেলা একটি দল নিশ্চয়ই দুর্বল নয়। যেহেতু কেনিয়া ‘পাওয়ার ক্রিকেট’ খেলে সে জন্য প্রথম ম্যাচ থেকেই তাদের বিরুদ্ধে ভিন্ন কৌশল নিয়ে মাঠে নামার পক্ষপাতি বাশার। 

দু’দলের মধ্যকার এর আগে সাতবারের সাক্ষাতে জয়ের পাল্লাটা একতরফাভাবেই কেনিয়ার দিকে ঝুঁকে রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে কেনিয়া যেখানে ছয় ম্যাচ জিতেছে, সেখানে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জয় মাত্র একটি। ১৯৯৮ সালের মে মাসে একটি তিনজাতি ক্রিকেট টুর্নামেন্টে ভারতের লালবাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে একমাত্র জয়টি পায় বাংলাদেশ।

এক প্রশ্নের জবাবে বাশার কেনিয়া দলের ম্যাচ উইনার স্টিভ টিকোলো সম্পর্কে ভীতির কথা উড়িয়ে দিয়ে জানান, টিকোলোকে নিয়ে তারা চিন্তিত নন, কেনিয়া দলের প্রায় সব ক্রিকেটার সম্পর্কেই তাদের জানাশোনা আছে, ক্রিকেটাররা কেনিয়াকে মোকাবেলা করতে প্রস্তুত বলে জানান বাশার।

কোচ ডেভ হোয়াটমোর কিন্তু কেনিয়াকে বেশ ভালো অবস্থাতেই দেখছেন। তিনি জানান কেনিয়া খুববেশি ক্রিকেট না খেললেও তাদের অবস্থা বেশ ভালো। নিজ দল সম্পর্কে হোয়াটমোরের মূল্যায়ন হচ্ছে- জয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। এর জন্য দরকার নিজেদের ভিত শক্ত করা আর কেনিয়ার বিরুদ্ধে সিরিজটিকেই ভালো সুযোগ হিসেবে নেওয়া যেতে পারে। 

কেনিয়ান অধিনায়ক স্টিভ টিকোলোও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আভাস দিয়েছেন। দলের ক্রিকেটাররা খেলার জন্য মুখিয়ে আছে বলে জানিয়েছেন ঢাকার মাঠের পরিচিত মুখ টিকোলো।

এদিকে কিছুদিন আগে সমাপ্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে অসাধারণ পারফরম্যান্সও শাহাদত হোসেন রাজীবকে কেনিয়ার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ওয়ানডে স্কোয়াডে জায়গা করে দিতে পারেনি। হোয়াটমোরের ঘোষিত ১২ জনের দলে নেই মাঞ্জারুল ইসলাম রানাও।

বাংলাদেশ স্কোয়াড: হাবিবুল বাশার (অধিনায়ক), খালেদ মাসুদ, শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর, মোহাম্মদ আশরাফুল, অলক কাপালী, রাজিন সালেহ, মোহাম্মদ রফিক, আফতাব আহমেদ, সৈয়দ রাসেল, আব্দুর রাজ্জাক এবং মাশরাফি বিন মুর্তজা।