২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে অসন্তুষ্ট এএফসির ইভেন্ট ম্যানেজার

এএফসি চ্যালেঞ্জ কাপের আর বেশিদিন বাকি নেই। টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকা এবং চট্টগ্রামে। কিন্তু দুই ভেন্যুর অন্যতম ভেন্যু ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বর্তমান হাল দেখে বুধবার নিজের অসন্তুষ্টি ধরে রাখতে পারেননি এএফসির ইভেন্ট ম্যানেজার সাইফুল্লাহ বিন আবু বকর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়াও চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ১ এপ্রিল থেকে শুরু হবে ১৬ জাতির এই টুর্নামেন্ট। শেষবারের মত মাঠ পরিদর্শনের জন্য মঙ্গলবার রাতে ঢাকা এসেছেন আবু বকর। বুধবার বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে জানালেন তার অসন্তুষ্টির কথা। ‘স্টেডিয়ামের সবকিছুই এখনও নির্মানাধীন, এমনকি মাঠও তৈরী হয়নি, প্রস্তুতির এমন ঢিলেঢালাভাবে আমি খুবই হতাশ।’

আবু বকর জানান, প্রতিদিন দু’টি করে খেলা হবে। স্টেডিয়ামে চারটি ড্রেসিং রুম থাকার কথা থাকলেও ঢাকার স্টেডিয়ামে রয়েছে দু’টি ড্রেসিং রুম। বৃহস্পতিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করবেন আবু বকর।

সপ্তাহখানেক আগেই ঢাকা ও চট্টগ্রামের মাঠ পরিদর্শন করে যাওয়া এএফসির ইভেন্ট ম্যানেজার আরও জানান, বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভিআইপি গ্যালারী এবং মিডিয়া সেন্টারও নির্মানাধীন রয়েছে। তিনি স্টেডিয়ামের অবশিষ্ট কাজ সফলভাবে শেষ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সাইফুদ্দিনের প্রথম সফরের পর জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছিল, ১০ মার্চের মধ্যে তারা বঙ্গবন্ধু স্টেডিয়াম ফুটবল ফেডারেশনের কাছে বুঝিয়ে দেবে।

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল আশা প্রকাশ করেছেন টুর্নামেন্ট শুরুর আগেই স্টেডিয়ামের অসমাপ্ত সংস্কার কাজ শেষ হয়ে যাবে।

এএফসি কর্তৃপক্ষ আসন্ন টুর্নামেন্টে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থাও পাকা করে ফেলেছেন। হোটেল সোনারগাঁওয়ে আবস্থান করবে বাংলাদেশ, কম্বোডিয়া, ফিলিস্তিন, গুয়াম, তাজিকিস্তান, ম্যাকাও, কিরঘিজস্তান এবং পাকিস্তান। কর্মকর্তারা অবস্থান করবেন হোটেল শেরাটনে।

চট্টগ্রাম ভেন্যুর দলগুলো অবস্থান করবে হোটেল পেনিনসুলা এবং হোটেল আগ্রবাদে। চট্টগ্রাম ক্লাবে থাকবেন কর্মকর্তরা।

আসন্ন চ্যালেঞ্জ কাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ১১টি সাব কমিটি গঠন করেছে।