২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিরুদ্ধে আন্ডারডগ হিসেবেই মাঠে নামবে কেনিয়া

পরিসংখ্যান কিন্তু তাদের পক্ষেই কথা বলছে এখনও। কিন্তু তারপরও বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন চার ম্যাচের ওয়ানডে সিরিজে তার দল এই প্রথমবারের মত আন্ডারডগ হিসেবেই খেলতে নামবে। কথাগুলো কেনিয়া ক্রিকেট দলের অধিনায়ক স্টিভ টিকোলোর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 06:30 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ঢাকার মাঠের অতি পরিচিত মুখ টিকোলো মঙ্গলবার রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কথাগুলো জানালেন সাংবাদিকদের। তার নেতৃতত্বেই ১৭ সদস্যের কেনিয়া দল চারটি ওয়ানডে ম্যাচ খেলতে মঙ্গলবার সকালেই ঢাকার বুকে পা রেখেছে। কেনিয়ান অধিনায়ক টিকোলোর সাথে সংবাদ সম্মেলনে দলের ক্যারিবিয়ান কোচ রজার হারপার এবং ম্যানেজার দাবিন্দর ভারিজও উপস্থিত ছিলেন।

‘বাংলাদেশ ক্রিকেটে অনেক উন্নতি করেছে, দলে অনেক প্রতিভাবান ক্রিকেটারও রয়েছেন। চার ম্যাচের ওয়ানডে সিরিজে আমরা এই প্রথম বাংলাদেশের বিরুদ্ধে আন্ডারডগ হিসেবেই মাঠে নামছি।’ সংবাদ সম্মেলনের শুরুতেই বাংলাদেশ এবং তার দল কেনিয়ার সম্পর্কে এমনই ছিল অধিনায়ক টিকোলোর মূল্যায়ন। আন্ডারডগ হলেও সিরিজে তার দল ভালো করবে বলে আশাবাদী টিকোলো।

পরিসংখ্যানের কথা আগেই বলা হয়েছে, সেখানে জয়ের ঘরে কেনিয়ার নামটাই রয়েছে ছয়বার। আর একবার রয়েছে বাংলাদেশের নাম। অর্থাৎ দু’দলের মধ্যকার সাতবারের সাক্ষাতে ১৯৯৮ সালের মে মাসে একমাত্র ভারতের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে কেনিয়ার বিরুদ্ধে ছয় উইকেটের জয়টিই বাংলাদেশের সবেধন নীলমনি।

দু’দল শেষবার মুখোমুখি হয়েছিল ২০০৩ সালের আইসিসি বিশ্বকাপে। সেই ম্যাচেও ৩২ রানে হার মানে টাইগাররা।

বেশ কয়েক বছর ধরেই ঢাকার ঘরোয়া ক্রিকেটে মাঠ মাতাচ্ছেন টিকোলো। সেই কথা স্মরণ করেই বললেন বাংলাদেশ তার দ্বিতীয় হোম গ্রাউন্ড। তবে এখানকার মাঠ এবং ক্রিকেটারদের ব্যাপারেও যে তার ভালো জানাশোনা রয়েছে সেটা বলতেও ভুল করলেন না তিনি। কিছুদিন আগে সমাপ্ত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস দলের হয়ে খেলে গেছেন এই কেনিয়ান। লিগের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় তার নামটাই রয়েছে সবচেয়ে উপরে।

টিকোলো জানান, আর্ন্তজাতিক ক্রিকেট এবং স্থানীয় ক্রিকেটের মধ্যে অনেক ফারাক রয়েছে। আর যেহেতু বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে ফলে সিরিজটি কঠিন হবে।

সম্প্রতি জিম্বাবুয়ে সফরটিকে বাদ দিলে ২০০৩ এর বিশ্বকাপের পর থেকেই আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অনেকটাই নির্বাসনে ছিল কেনিয়া। তবে আর্ন্তজাতিক ক্রিকেটে নিজেদের সেরা পারফারম্যান্সটাই চান কেনিয়ান অধিনায়ক।

জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজটি ২ -- ২  ড্র করতে সক্ষম হয় কেনিয়া। তবে টিকোলোর মতে সিরিজের ফলাফল তাদের পক্ষেই আসতে পারতো, অর্থাৎ ৩ -- ১ এ সিরিজ জেতাটা সম্ভব ছিল, কিন্তু শেষ ম্যাচে বাজে খেলেই সেই সম্ভাবনা নষ্ট হয়ে যায় বলে জানালেন টিকোলো।

বাংলাদেশে তৃতীয়বারের মত সফরে আসা কেনিয়া দলের কোচ রজার হারপার ১৯৯৮ সালে প্রথমবার এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের একজন সদস্য হিসেবে মিনি বিশ্বকাপে খেলতে। দ্বিতীয় সফরে তাকে অবশ্য নিজ দেশের কোচের দায়িত্ব পালন করতে হয়েছিল। আর এবার অন্য একটি দেশের কোচ হিসেবে বাংলাদেশে এসেই বললেন, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ভালো খেলাই তার দলের আসল উদ্দেশ্য।

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজটিকে কেনিয়া দলের তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরার একটা ভালো সুযোগ হিসেবে নিতে পারে বলে মন্তব্য করেন হারপার। ক্রিকেটারদের ভালো খেলার প্রতি আগ্রহই তার দলের মূল শক্তি বলে মনে করেন কেনিয়ান কোচ।

কেনিয়া দল ১৭ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে বুধবার বগুড়া যাবে। সফরকারী দল ২০ মার্চ খুলনায় স্বাগতিকদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে। ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে ২৩ ও ২৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দু’টি ম্যাচ।

এদিকে বাংলাদেশ দলও মঙ্গলবার বিকেলে বগুড়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। 

কেনিয়া স্কোয়াড: স্টিভ টিকোলো (অধিনায়ক), টমাস ওদয়ো (সহ অধিনায়ক), মার্টিন সুজি, কেনেডি ওটিয়েনো ওবুইয়া, ওটিয়েনো সুজি ওনডিক, পিটার জিমি কার্টার অনগন্ডো, হিতেশ মোদী, ডেভিড ওবুইয়া, কলিন্স ওবুইয়া, আলফ্রেড লুসিনো, মরিস ওয়ুমা, কালপেশ প্যাটেল, জেমস কাবাথা কামান্ডে, তন্ময় মিশ্র।

কর্মকর্তা: দাবিন্দর ভারিজ (ম্যানেজার), রজার হারপার (কোচ), ওয়াইদিফ আগোলা ওটিয়েনো (ফিজিও)।