জাতীয় ক্রিকেটে জয়ের ধারা বজায় রেখেছে চট্টগ্রাম, রাজশাহী
ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগে জয়ের ধারা বজায় রেখেছে চট্টগ্রাম ও রাজশাহী।
ধানমন্ডি স্টেডিয়ামে সোমবার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চট্টগ্রাম আট উইকেটে হারিয়েছে ঢাকাকে। আরেক শীর্ষ দল রাজশাহীও রয়েছে জয়ের ধারায়। নিজেদের মাঠে রাজশাহী সোমবার ১৫১ রানে হারিয়েছে সিলেটকে। বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক দল এবং খুলনার মধ্যকার খেলাটি নি®প্রাণ ড্র হয়েছে।
লিগের অষ্টম রাউন্ড শেষে চট্টগ্রাম ও রাজশাহী সমান ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। ঢাকা ও সিলেট যথাক্রমে ২৪ ও ২২ পয়েন্ট সংগ্রহ করেছে। বরিশাল ২১ এবং খুলনা ১৩ পয়েন্ট করে জমা করেছে।
ঢাকা বনাম চট্টগ্রাম
চার উইকেটে ২৫৪ রান নিয়ে খেলতে নেমে ঢাকা ৬৯ রান তুলতেই বাকি ছয় উইকেট হারায়। সব মিলিয়ে চট্টগ্রামের সামনে ১৫৩ রানের জয়ের টার্গেট দিতে সক্ষম হয় ঢাকা। চট্টগ্রামের দুই স্পিনার ইলিয়াস সানী (চার উইকেট) এবং ইয়াসিন আরাফাত (দুই উইকেট) ছয় উইকেট ভাগাভাগি করে নিলে সাবলীল গতিতে চলতে থাকা ঢাকার দ্বিতীয় ইনিংসের চাকা থেমে যায়।
জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের অনবদ্য হাফ সেঞ্চুরিতে ভর করে ১৮ ওভারেই দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম। গাজী সালাহউদ্দিন করেন ৪৯ রান।
রাজশাহী বনাম সিলেট
সাত উইকেটে ৯৬ রান নিয়ে দিনের সূচনা করলেও মুশফিকুর রহমানের ৬৩ এবং শামসুল হকের অপরাজিত ২৫ রানের সুবাদে রাজশাহী দ্বিতীয় ইনিংসে ১৮৫ রান করতে সক্ষম হয়। সব মিলিয়ে ৩২৫ রানের লিড নেয় রাজশাহী।
বিশাল জয়ের লক্ষ্যে খেলতে নেমে সিলেট মাত্র ১৭৪ রানেই গুটিয়ে যায়। গোলাম মাওলা সর্বোচ্চ ৭১ রান করেন। এছাড়া গোলাম মাবুদ ৩২ এবং রেজাউল হক ২০ রান করেন। রাজশাহীর শাফাক আল জাবির ৪৩ রানে পাঁচটি এবং মুশফিকুর রহমান ৩২ রানে তিন উইকেট লাভ করেন।
খুলনা বনাম বরিশাল
খুলনার ছুঁড়ে দেওয়া ৩২৫ রানের টার্গেটের পেছনে ছুটে বরিশাল শেষ দিনে সাত উইকেটে ২৫৯ রান করে।
বরিশালের নাসিরুদ্দিন ফারুক এবং হুমায়ুন কবির উভয়ই ৫৫ রান করে সংগ্রহ করেন। এছাড়া হান্নান সরকার ও নাদিফ চৌধুরী দু’জনেই ২৮ রান করে সংগ্রহ করেন। খুলনার সাদেক খান ৬৩ রানে দুই উইকেট লাভ করেন।
