বাংলাদেশ - কেনিয়া ওয়ানডে সিরিজ স্পন্সর করবে বাংলালিংক
আর্বিভাবের পর থেকে বেশ দ্রুততার সাথেই গ্রাহকদের কাছাকাছি পৌঁছে গিয়েছিল দেশের অন্যতম মোবাইল ফোন কোম্পানী বাংলালিংক। আর এবার তারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ক্রীড়াঙ্গনের দিকেও। কেনিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের স্পন্সরশীপ লাভ করেছে বাংলালিংক।
কেনিয়া দল মঙ্গলবার দেশে এসে পৌঁছাবে। সিরিজে সফরকারী দল বাংলাদেশের বিরুদ্ধে বগুড়া, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে মোচ চারটি একদিনের ম্যাচ খেলবে। ১৭ মার্চ বগুড়া ও ২০ মার্চ খুলনায় প্রথম দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে ২৩ ও ২৫ মার্চ সিরিজের শেষ দু’টি ওয়ানডে অনুষ্ঠিত হবে।
‘বাংলালিংক টাইগার কাপ’ নামের সিরিজের খেলাগুলো ইএসপিএন এবং বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলালিংকের কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লারস পি রেইখেল্ট, ক্রিকেট বোর্ডের সহ সভাপতি আজিজ আল কায়সার টিটো , সিইও মাহমুদুর রহমান এবং গ্লোবাল অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
লারস পি রেইখেল্ট তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ক্রিকেটের সাথে জড়িত হতে পেরে আমরা অনন্দিত এবং ভবিষ্যতেও আমরা বাংলাদেশের ক্রিকেটের আবেগের সাথে নিজেদের সম্পর্কটা আরও জোরদার করতে আগ্রহী। রেইখেল্ট সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে বলে মনে করেন এবং টাইগারদের সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
আজিজ আল কায়সার টিটো জানান, দেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফোন কোম্পানী বাংলালিংকের সাথে ক্রিকেট বোর্ডের সম্পর্কটাও বেশ দ্রুততার সাথে বাড়বে। দেশের তরুণ ক্রিকেটারদের উন্নয়নের ব্যাপারেও বাংলালিংক এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন ক্রিকেট বোর্ডের সহ সভাপতি।
সিরিজের স্পন্সরশীপ বাবদ বাংলালিংক ৪০ লাখ টাকার পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজের পুরস্কারের জন্য আরও অতিরিক্ত ১২ হাজার ডলার ব্যয় করবে।
