২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহালি টেস্টে চা বিরতির আগেই হেরে গেল ইংল্যান্ড

অভিষিক্ত বোলার মোনাফ প্যাটেল এবং অভিজ্ঞ স্পিনার অনিল কুম্বলের মারাত্মক বোলিংয়ের সুবাদে মোহালি টেস্টের চা বিরতির আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে নয় উইকেটের সহজ জয় তুলে নিয়েছে ভারত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 05:33 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

অভিষেক টেস্টেই বল হাতে বাজিমাত করলেন মোনাফ প্যাটেল। মোনাফ প্যাটেল প্রথম ইনিংসে তিন উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন চার উইকেট। প্রথম ইনিংসে খুব একটা সুবিধে করতে পারেননি। ২৫ ওভারে ৭২ রান খরচায় তিন উইকেট। ইংল্যান্ডও ৩০০ রানের বড়সর স্কোর গড়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে নিজের জাতটা ভালো করেই চিনিয়ে দিয়েছেন ইংলিশদের।

ইংল্যান্ড অবশ্য ম্যাচের চতুর্থ দিনই (রোববার) তাদের দ্বিতীয় ইনিংসে ১১২ রানে পাঁচ উইকেট হারিয়ে অনেকটাই ব্যাকফুটে চলে যায়। পঞ্চম দিন আর মাত্র ৬৯ রান যোগ হতেই বাকি পাঁচ উইকেট হারায় অতিথিরা। ১৮১ রানেই গুটিয়ে যায় ইংলিশদের দ্বিতীয় ইনিংস।

আগের দিন ১৬ রানে অপরাজিত থাকা ইংলিশ দলপতি অ্যান্ড্রু ফ্লিনটফের ব্যাট থেকে বেরিয়ে এসেছে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান। ফ্লিনটফ ১০৬ বলে চারটি বাউন্ডারির মাধ্যমে ৫১ রান করে ভারতের আরেক অভিষিক্ত বোলার পিযূষ চাওলার বলে প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিলে ইংলিশদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যাওয়াটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

এরপর ইংল্যান্ডের ব্যাটিংয়ের লেজটা ছেঁটে দেওয়ার বাকি কাজটুকু সারেন প্যাটেল। মাত্র ২৩ রানের ব্যবধানে তুলে নেন জোন্স, প্লাংকেট এবং হগার্ডের উইকেট তিনটি।

কুম্বলে আগের দিনই তিন উইকেট নিয়ে ইংলিশদের দ্বিতীয় ইনিংসের মেরুদন্ড গুড়িয়ে দিয়েছিলেন। শুরুটাও করেছিলেন কুম্বলে। কাকতালীয়ভাবে শেষ ব্যাটসম্যান হার্মিসন কুম্বলের ঘূর্ণিবলের শিকার হন। ২৯ ওভারে চার উইকেট তুলে নিতে কুম্বলেকে ব্যয় করতে হয়েছে ৭০ রান। প্রথম ইনিংসের পাঁচ উইকেটসহ পুরো ম্যাচে নয় উইকেট তুলে নেওয়ায় কুম্বলের আশেপাশে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারে ভাগ বসানোর মত কেউ ছিল না। 

১৪৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯ রানে উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াসিম জাফরকে হারানো ছাড়া আর কোন ঝামেলাই পোহাতে হয় ভারতীয়দের। ঝামেলার কথা আসে বা কি করে, আর কোন উইকেটই তো হারাতে হয়নি স্বাগতিকদের। দ্বিতীয় উইকেট জুটিতে বীরেন্দ্র শেওয়াগ এবং অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ১০৫ রানের পার্টনারশীপে হেসেখেলে জয় তুলে নেয় ভারত। শেওয়াগ ৮৯ বলে নয়টি বাউন্ডারি এবং একটি ছয়ে ৭৬ এবং দ্রাবিড় ৭৭ বলে তিনটি চারের মাধ্যমে ৪২ রানে অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফেরেন। জাফরের একমাত্র উইকেটটি পেয়েছেন ম্যাথু হগার্ড।