২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিও পরাজয় রোধ করতে পারেনি বাংলাদেশের, ২ - ০ তে শ্রীলংকার সিরিজ জয়

বৃষ্টিও রক্ষা করতে পারেনি বাংলাদেশকে। শেষ পর্যন্ত সফরকারী শ্রীলংকা ১০ উইকেট অক্ষত রেখেই বগুড়া টেস্ট জিতে ২ - ০ তে সিরিজ জয় করেছে।

আনিসুর রহমান আনিসুর রহমান

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 07:18 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বগুড়ায় সকাল থেকে বৃষ্টি এসে বাগড়া দেওয়ায় ৭ ঘন্টা খেলা বন্ধ ছিল। শ্রীলংকার দরকার ছিল মাত্র ৪৩ রান। আস্তে আস্তে মেঘ কেটে গেলে মাঠে নামে সফরকারীরা।

প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৪ রানের জবাবে শ্রীলংকা ৩১৬ রান করে। পরে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২০১ রান তুললে সফরকারীদের জয়ের জন্যে ১২০ রানের প্রয়োজন হয়।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার দুই ওপেনার উপল থারাঙ্গা ও ভ্যানডর্ট দলকে জয়ের বন্দরে নিয়ে যান। থারাঙ্গা আটটি চারের সাহায্যে অপরাজিত ৭১ এবং তার পার্টনার ভ্যানডর্ট চারটি বাউন্ডারিতে করেন অপরাজিত ৪০ রান।

চতুর্থ দিনে খেলতে নামার আগে জয়ের জন্যে শ্রীলংকার দরকার ছিল মাত্র ৪১ রান। কিন্তু হঠাৎই বৃষ্টি এসে বাধ সাধায় তাদের জয় কিছুক্ষণের জন্যে বিলম্বিত হয়।

প্রথম ইনিংসের ১৬৫ রানের মূল্যবান ইনিংসের জন্যে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন থারাঙ্গা। তার ওই ইনিংসই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

চট্টগ্রামে প্রথম টেস্টে ১৬ উইকেট নেয়া স্পিন মাস্টার মুত্তিয়া মুরালিধরন ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। এই ম্যাচেই তিনি ৬০০ উইকেট ক্লাবে নিজের নাম লিখিয়েছেন। টেস্ট ইতিহাসে এখন শের্ন ওয়ার্নের পরই তার অবস্থান।

বাংলাদেশের পক্ষে একমাত্র শাহাদত হোসেনই ছিলেন সবচেয়ে সফল বোলার। প্রথম ইনিংসে তিনি ৫ উইকেট লাভ করেন। এছাড়া চট্টগ্রাম টেস্টে তিনি শ্রীলংকার চারজন ব্যাটসম্যানকে ফিরিয়েছিলেন।