চতুর্থ ওয়ান ডে ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করলো নিউজিল্যান্ড
ম্যাকলিয়ান পার্কে স্বাগতিক নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯১ রানে পরাজিত করেছে।
কিউই ব্যাটসম্যান লু ভিনসেন্টের সেঞ্চুরি, নাথান এস্টেল ও কিউই অধিনায়ক স্টিভেন ফ্লেমিংয়ের হাফ--সেঞ্চুরির উপর ভর করে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৩২৪ রান সংগ্রহ করে।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ২৩৩ রান সংগ্রহ করে। রুনাকো মরটোন ১১০ রানে অপরাজিত থাকেন। তবে মরটোনেকে উইন্ডিজ দলের কোনও সদস্যই যথাযথভাবে সঙ্গ দিতে পারে নাই।
দিনের শুরুতে টস জিতে উইন্ডিজ অধিনায়ক শিবনারায়ণ চন্দরপল কিউইদের ব্যাটিং করার আহবান জানান।
ভিনসেন্ট এবং ফ্লেমিং প্রথম উইকেট জুটিতে ১০৬ রান সংগ্রহ করেন।
ফ্লেমিং ৬৭ রান করার পর ডোয়াইন স্মিথের একটি বল তাড়া করতে গিয়ে রামদিনের হাতে ক্যাচ তুলে দেন।
মাঠে এসে রানের চাকা সচল রাখেন নাথান এস্টেল। এস্টেল ও ভিনসেন্ট জুটি ১৫৬ রান যোগ করেন। এস্টেল ৮১ রান করার পর গেইলের বলে ড্যারেন গঙ্গার হাতে ক্যাচ তুলে দেন।
ভিনসেন্ট ১০২ রান করার পর গেইলের বলে ক্যাচ আউট হন।
চতুর্থ ওয়ান ডে ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের সবচেয়ে সফল বোলার হচ্ছেন ক্রিস গেইল। তিনি ১০ ওভার বোলিং করে ৫০ রানের বিনিময়ে ৩ টি উইকেট তুলে নেন।
৩২৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা সামনে নিয়ে খেলতে নেমে ক্রিস গেইলকে হারিয়ে প্রথমেই বিপদের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
ব্ল্যাক ক্যাপস বোলারদের সামনে রুনাকো মরটোন এবং রামনরেশ সারওয়ান ছাড়া অন্য কোন উইন্ডিজ ব্যাটসম্যানই মাথা তুলে দাড়াতে পারেনি ।
কিউই বোলার কেলি মিলস ৩ টি এবং ভেট্টরি, স্টাইরাস, এস্টেল এবং শেন বন্ড একটি করে উইকেট তুলে নেন।
