এশিয়া কাপ বাছাই ফুটবলে বুধবার হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
এশিয়া কাপ বাছাই ফুটবলে বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ম্যাচে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিরুদ্ধে লড়বে। বিকেল চারটায় শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে।
হংকংয়ের সহকারী কোচ কাম ম্যানেজার সাং ওয়াই সুং বুধবারের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের কথা বললেও বাংলাদেশ দলের অধিনায়ক আরিফ খান জয় তার দলের জয়ের ব্যাপারে কোন আশার বাণী শোনাতে পারেননি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হংকং দলের ম্যানেজার সুং জানান, তার দল এখানে জয়ের জন্যই এসেছে। অপর দিকে জয়ের বক্তব্য ছিল, হোম কন্ডিশনকে কাজে লাগিয়ে বাংলাদেশ হংকংয়ের বিরুদ্ধে জয়ের চেষ্টা করবে।
টুর্নামেন্টের এফ গ্রুপে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ০-৫ গোলে উজবেকিস্তানের বিরুদ্ধে এবং হংকং ০-৩ গোলে কাতারের বিরুদ্ধে হেরেছে।
তবে বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যে অবস্থানগত একটা পার্থক্য রয়েছে। ফিফা র্যাংকিংয়ে যেখানে হংকং ১১৭ তম স্থানে রয়েছে সেখানে বাংলাদেশের অবস্থান ১৪৩ তম।
কাতারের বিরুদ্ধে পরাজয়কে হংকংয়ের ম্যানেজার দুর্ভাগ্যজনক বলতেই বেশি আগ্রহী। তবে চুড়ান্ত পর্বে ওঠার ব্যাপারে তাকে বেশ আত্মবিশ্বাসী মনে হলো, কারণ এখানও পাঁচ ম্যাচ বাকি আছে।
বাংলাদেশ সম্পর্কে সাংয়ের কোন ধারনা না থাকলেও আড়াই বছর আগে এই টুর্নামেন্টেই বাংলাদেশের বিরুদ্ধে হংকংয়ের ২-২ গোলে ড্রয়ের কথাটা তার ঠিকই জানা রয়েছে। বুধবারের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলেন অতিথি দলটির ম্যানেজার কাম সহকারী কোচ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক আরিফ খান জয় জানান, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশ সবসময়ই নার্ভাস থাকে, প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধেও ঘটেছে একই ঘটনা। তবে যেহেতু হংকংয়ের বিরুদ্ধে নিজেদের মাঠে খেলা, তাই তাদের বিরুদ্ধে নার্ভাস হওয়ার মত কিছু নেই।
উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের মাঠে হংকংয়ের বিরুদ্ধে তার দল জয়ের চেষ্টা করবে বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক।
জয় বলেন, এটা ঠিক আমরা প্রতিদিনই উন্নতি করছি এবং বুধবারের ম্যাচেও তার প্রতিফলন হবে।
এক প্রশ্নের জবাবে জয় জানান, উজবেকিস্তানের বিরুদ্ধে তাদের অন্তত তিনটি বাজে গোল হজম করতে হয়েছে, তবে হংকংয়ের বিরুদ্ধে বাজে গোল হজমের ব্যাপারটি এড়ানোর চেষ্টা থাকবে।
