আশরাফুলের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের
কলম্বোতে সেই ২০০১ সালে শুরু। তারপর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহাম্মদ আশরাফুলের ব্যাট খুব একটা সুবিধে করতে পারেনি।
তবে এবার দীর্ঘদিন পর ঘটল ব্যতিক্রম। তবে এবার ঘরে মাঠে আশরাফুলের ব্যাটের ঝলকে নাকাল হলো লঙ্কান বোলাররা। মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে আশরাফুলের অনবদ্য সেঞ্চুরিতে নয় উইকেটে ৩১৫ রান তুলে প্রথম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ এর আগে যে ৪০টি টেস্ট খেলেছে তার মধ্যে একদিনে এই ৩১৫ রানই সবচেয়ে চমৎকার স্কোর।
সবচেয়ে কম বয়সে অভিষেকেই টেস্ট সেঞ্চুরির মালিক আশরাফুল ২৫০ মিনিটের ম্যারাথন ইনিংসে ১৮৪ বলে ১৫টি বাউন্ডারি এবং তিনটি ছক্কায় ১৩৬ রান করেন। ২০০১ সালের ৮ সেপ্টেম্বর এই শ্রীলঙ্কার বিরুদ্ধেই কলম্বোর সিংহলিজ মাঠে নিজের ডেব্যু টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৪ রান করেন প্রতিভাবান এই ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম শতক হাঁকানোর পর অবশ্য অনেকদিন একই প্রতিপক্ষের বিরুদ্ধে রান খরায় ভুগছিলেন আশরাফুল। অভিষেক সেঞ্চুরির পর থেকে ২০০৫ সালের অক্টোবরে শ্রীলঙ্কা সফর পর্যন্ত ছয় ইনিংসে তার সংগ্রহ ছিল সাকুল্যে ১৬১ রান। এই সেঞ্চুরির মধ্য দিয়ে তার দীর্ঘদিনের রান খরাও কাটাতে সক্ষম হলেন আশরাফুল।
তবে আশরাফুলের ক্যারিয়ার সেরা ইনিংসটি এসেছে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২০০৪ সালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে।
ম্যাচে আশরাফুল একপ্রান্ত আগলে একা লড়াই চালিয়ে গেলেও অপরপ্রান্তে সতীর্থ কোন ব্যাটসম্যানই নিজেদের খুব একটা মেলে ধরতে পারেনিন। তবে সবার সম্মিলিত প্রচেষ্টাতেই দলের রানের চাকা সচল থেকেছে দিনের শেষ পর্যন্ত।
সিরিজে বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশারের টসভাগ্যটা এবার ভালোই বলতে হবে। ওয়ানডের মত প্রথম টেস্টেও টস কথা বলেছে বাশারের হয়ে, আর বিভাগীয় স্টেিেডয়ামের একেবারে ফ্ল্যাট উইকেটে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা নিতে কোন অসুবিধেই হয়নি তার। তবে লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা তার দিনের প্রথম ওভারের পঞ্চম বলেই দলীয় চার রানে ওপেনিং ব্যাটসম্যান জাভেদ ওমরকে (৪) প্যাভিলিয়নে ফেরত পাঠালে বাশারের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রশ্নের মুখে পড়তে পারতো।
সেটা অবশ্য হতে দেননি বাশার আর লোকাল হিরো নাফিস ইকবাল। দ্বিতীয় উইকেট জুটিতে এরা দু’জনে ৭২ রানের পার্টনারশীপ গড়ে দলকে বিপদমুক্ত করেন। কিন্তু লাঞ্চের আগে জোড়া আঘাত হানেন স্পিনার মালিঙ্গা বান্দারা। বান্দারার পরপর দুই বলে সাজঘরে ফেরেন নাফিস এবং বাশার।
নাফিস (৩৪) উইকেটে ধাতস্থ হওয়ার পরও যেভাবে মালিঙ্গাকে ক্রসব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন তাতে বাংলাদেশ শিবিরের কেউ খুশি হতে পারেননি।
বান্দারা তার পরের ওভারের প্রথম বলেই বাশারকে (২৯) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে পৌঁছে যান। তবে লঙ্কান এই স্পিনারকে হতাশ করেছেন আশরাফুল। চতুর্থ উইকেট জুটিতে শাহরিয়ার নাফিসকে সাথে নিয়ে মূল্যবান ৬৫ রান যোগ করে ধাক্কা সামলে উঠেন আশরাফুল। শাহরিয়ার ২৭ রান করে ফারভিজ মাহরুফের বলে বোল্ড হন।
এরপর পঞ্চম উইকেট জুটিতে খালেদ মাসুদ এবং আশরাফুল আরও ৬৪ রান করেন। এর মধ্যে খালেদ মাসুদের অবদান ৪৯ বলে মাত্র ছয় রান। আর মাসুদের উইকেটটি তুলে নিয়ে ম্যাচে প্রথম উইকেটের স্বাদ নেন মুরালিধরন।
বাংলাদেশের ব্যাটসম্যানরা মুরালিকে স্বচ্ছন্দ্যে খেলতে না পারলেও একমাত্র আশরাফুলই ছিলেন সাবলীল। মুরালির নতুন অস্ত্র দুসরাকে খেলেছেন পরম নির্ভরতায়। শেষে অবশ্য আশরাফুলের মূল্যবান উইকেটটি তুলে নিয়েছেন লঙ্কান এই বিশ্বখ্যাত স্পিনার।
দিনশেষে তিন উইকেট নিজের ঝুলিতে পোরা মুরালি এখন ১০০০ আর্ন্তজাতিক উইকেট (টেস্টে ৪৮৭ এবং ওয়ানডেতে ৪১১) থেকে মাত্র দুই উইকেট দুরে দাঁড়িয়ে।
শেষ দিকে অলক কাপালী ১৬ এবং মোহাম্মদ রফিক ১৭ রান করে দলের সংগ্রহকে স্ফীত করতে সহায়তা করেছেন।
