২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে হংকং ফুটবল দল এখন ঢাকায়

এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য ২৫ সদস্যের হংকং ফুটবল দল সোমবার ঢাকায় এসে পৌঁছেছে। দলে ২০ জন খেলোয়াড় ও পাঁচজন কর্মকর্তা রয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

তারা স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে বুধবার অ্যাওয়ে ম্যাচটি খেলবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে (বিএনএস) বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ টেলিভিশন খেলাটি সম্প্রচার করবে।

গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ উজবেকিস্তানের কাছে ৫-০ ব্যবধানে পরাজিত হয়েছে।

অবশ্য সফরকারীরাও তাদের প্রথম ম্যাচে কাতারের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে।

হংকং দল সোমবার ঢাকায় পৌঁছেই বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঘন্টা দেড়েকের মত অনুশীলন করে।

অনুশীলন শেষে হংকংয়ের কোচ লাই সান শিউং সাংবাদিকদের বলেন, তুলনামূলকভাবে ঢাকার আবহাওয়া উষ্ণ এবং এখানকার পরিবেশ-পরিস্থিতি আমাদের জন্য মাথাব্যথার কোন কারণ নয়।

তিনি বলেন, বর্তমান বাংলাদেশ দল সম্পর্কে তার কোন ধারণা নেই। তবে ২০০৩ সালে এশিয়া কাপ বাছাই পর্বের খেলার স্মৃতি তার মনে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।