ইংল্যান্ড দলে ডাক পেলেন ওয়েসিস শাহ
স্বাগতিক ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামার আগে ইনজুরি সমস্যা জর্জরিত সফরকারী ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন কাউন্টি ক্লাব মিডেলসেক্সের ব্যাটসম্যান ওয়েসিস শাহ।
ইংল্যান্ড দলের মিডিয়া ম্যানেজার এন্ড্রু ওয়ালপোল বলেন, “সোমবার তিনি বৃটেন থেকে রওনা দিবেন এবং মঙ্গলবার ভারতে এসে পৌছাবেন বলে আশা করা হচ্ছে।”
ওপেনিং ব্যাটসম্যান এলেস্টার কুক ও ফাস্ট বোলার জেমস এন্ডারসনের পর শাহ হলেন তৃতীয় ক্রিকেটার যাকে ওয়েস্ট ইন্ডিজ সফরকারী ‘ইংল্যান্ড এ’ দল থেকে প্রত্যাহার করে নিয়ে আসা হচ্ছে।
২৭ বছর বয়সি শাহ ইংল্যান্ডের পক্ষে ১৫ টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। তিনি ২০০৫ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দারুন ক্রীড়া নৈপুণ্য প্রদর্শণ করেন।
হাঁটুর ইনজুরির কারণে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ভনের খেলা এখনও অনিশ্চিত। ওপেনিং ব্যাটসম্যান মার্কাস ট্রেসকথিক ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন। তাছাড়া মিডেল-অর্ডার ব্যাটসম্যান কেভিন পিটারসন এবং পল কলিংউড পিঠের ব্যথা এবং ফাস্ট বোলার সিমন জোন্স পেটের সমস্যায় ভুগছেন।
ভারত সফরে ইংল্যান্ড তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে।
