২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইকেট সম্পর্কে ধারনা ভুল ছিল: বাশার

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত ভুল ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাশার জানান, উইকেটের চরিত্র বুঝতে ভুল হয়েছে। মনে হয়েছিল বোলাররা সকালে উইকেটের সুবিধে নিতে পারবে, দ্রুত দু’টি উইকেটের পতন ঘটলেও বোলাররা পরে আর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।

শেষদিকে বোলাররা ছন্দ খুঁজে না পাওয়ায় শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের বেঁধে রাখা সম্ভব হয়নি বলে মনে করেন বাশার।

বাশার বলেন, বিকেলে উইকেটের আচরণ সম্পূর্ন বদলে যাওয়ায় আমাদের চরম মূল্য দিতে হয়েছে।

তবে ভিন্ন কথা বলেছেন কোচ ডেভ হোয়াটমোর, এ ক্ষেত্রে তার যুক্তিটা হলো- এই মাঠে জাতীয় লিগের যেসব খেলা অনুষ্ঠিত হয়েছে সেগুলোতে পরে ব্যাট করা দলই জয় পেয়েছে , সেই আলোকেই পরে ব্যাট করার সিদ্ধান্ত সঠিকই ছিল।

২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও এর মধ্যে কয়েকটি ভালো দিকও খুঁজে পেয়েছেন কোচ। ক্রিকেটারদের সঠিক আচরণ, সঠিক প্রচেষ্টা, প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করা এসবই ডেভের চোখে পজিটিভ মনে হয়েছে।

শেষ দশ ওভারই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করেন অধিনায়ক বাশার। এই দশ ওভারেই ১১৪ রান গুনতে হয়েছে বোলারদের।

এক প্রশ্নের জবাবে বাশার জানান, জয়ের জন্যই দল খেলেছে। পরের দিকের ব্যাটসম্যানদের বড় শট নিতে সুবিধে করে দেওয়ার জন্য আফতাব আহমেদকে ওয়ানডাউনে পাঠানো হয়েছিল বলে জানালেন অধিনায়ক।

অন্যদিকে সিরিজ জিততে পেরে খুশি শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়বর্ধনে জানান, ভারত, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় তিনটি কঠিন সফর শেষ করে ভিন্ন একটি পরিবেশে ওয়ানডে সিরিজ জিততে পেরে তার দল খুশি।

টসে হেরে যাওয়ার পর মাহেলা হতাশ হলেও বাংলাদেশ তাদেরকে প্রথম ব্যাট করার আমন্ত্রন জানালে তার হতাশা কেটে যায় বলে জানান লঙ্কান দলপতি। টস জিতলে তার ব্যাটিংই নেওয়ার ইচ্ছে ছিল সেটাও জানাতে ভুললেন না তিনি।

প্রথম দুই ম্যাচ সম্পর্কে তার বক্তব্য হলো- আগের দুই ম্যাচে ক্রিকেটাররা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। তবে শেষ ম্যাচে এসে তারা ঠিকই নিজেদের তুলে ধরেছে।

ম্যান অব দ্য ম্যাচ কুমার সাঙ্গাকারা জানান, উইকেট ধরে রেখে রান করে যাওয়াই ছিল তার লক্ষ্য। জয়বর্ধনে এবং লোকুয়ারাচ্চি বিগহিটে গেলেও নিজে খেলেছেন বল দেখেশুনে।