২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট দলে ফিরলেন মুশফিকুর রহিম

শ্রীলঙ্কার বিরুদ্ধে পুনরায় টেস্ট দলে ডাক পেয়েছেন উদীয়মান ব্যাটসম্যান-উইকেটরক্ষক মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড শনিবার ১৫ সদস্যের বাংলাদেশ দলের নাম ঘোষণা করেছে। চট্টগ্রামে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দু’দেশের মধ্যকার প্রথম টেস্ট।

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০৫ সালের মে মাসে ডেব্যু টেস্টে মুশফিকুর রহিম দুই ইনিংসে যথাক্রমে ১৯ এবং তিন রান করেন। সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইসিসি অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্বও দেন এই প্রতিভাবান উইকেটরক্ষক। বিশ্বকাপে বাংলাদেশ পঞ্চম স্থান লাভ করে এবং মুশফিকুর রহিম টুর্নামেন্টের দ্বিতীয় সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

১৭ বছর বয়স্ক অনুর্ধ্ব ১৯ দলের এই অধিনায়ক সাতটি প্রথম শ্রেনীর ম্যাচে মোট ৪৪৮ রান সংগ্রহ করেছেন। অবশ্য তার ক্যারিয়ার সেরা স্কোর আসে বাংলাদেশের গত ইংল্যান্ড সফরে। প্রস্তুতি ম্যাচে নর্দান্টসের বিরুদ্ধে তিনি ক্যারিয়ার সেরা ১১৫ রান করেন।

শনিবার দল ঘোষণা করে প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানান, ইংল্যান্ডের বিরুদ্ধে ডেব্যু টেস্ট এবং লংগার ভার্সন ক্রিকেটে মুশফিকুর রহিমের যোগ্যতার প্রমান পাওয়া গেছে। দলে একজন বাড়তি ব্যাটসম্যান এবং উইকেটের পেছনে দক্ষতার কথা চিন্তা করেই মুশফিককে দলে টানা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক।

মুশফিকুর ছাড়াও টেস্ট দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান নাফিস ইকবাল, পেসার শাহাদত হোসেন রাজিব এবং বাঁ হাতি স্পিনার এনামুল হক জুনিয়র। আর ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন, অলরাউন্ডার মাঞ্জারুল ইসলাম রানা এবং স্পিনার আব্দুর রাজ্জাক রাজ।

বাংলাদেশ স্কোয়াড: হাবিবুল বাশার (অধিনায়ক), খালেদ মাসুদ (সহ অধিনায়ক), জাভেদ ওমর, শাহরিয়ার নাফিস, নাফিস ইকবাল, রাজিন সালেহ, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক, অলক কাপালী, আফতাব আহমেদ, এনামুল হক জুনিয়র, তাপস বৈশ্য, সৈয়দ রাসেল, শাহাদত হোসেন রাজিব, মুশফিকুর রহিম।