সাঙ্গাকারার সেঞ্চুরিতে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ জয়
উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারার অনবদ্য সেঞ্চুরিতে ভর করে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭৮ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ের মধ্য দিয়ে বগুড়ায় দ্বিতীয় ওয়ানডেতে পরাজয়ের মধুর প্রতিশোধও নিল জয়বর্ধনের দল।
একই ভেন্যুতে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দু’দেশের মধ্যকার প্রথম টেস্ট।
বগুড়াতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে স্বাগতিকদের দাপুটে জয় শেষ পর্যন্ত সিরিজ জয়ের স্বপ্নে রূপান্তরিত হয়েছিল। ক্রিকেটাররাও ছিলেন আত্মবিশ্বাসের তুঙ্গে। কিন্তু সুপ্ত সেই স্বপ্ন পূরণ হলোনা টাইগারদের। শ্রীলঙ্কার পাহাড়সম রানের নীচে চাপা পড়ে টাইগারদের সেই তুঙ্গে থাকা আত্মবিশ্বাসে ফাটলতো ধরেই, সেইসাথে তৃতীয় ওয়ানডেতে হেরে সিরিজ জয়ের স্বপ্ন গুড়িয়ে যায়।
চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে শনিবার শ্রীলঙ্কা সাত উইকেটে যে ৩০৯ রানের পাহাড় গড়ে, বাংলাদেশের পরাজয়ের জন্য এই স্কোরই যথেষ্ট ছিল। তবে লড়াই যে করেনি বাশারের দল তা কিন্তু নয়। টার্গেটের পেছনে ধাওয়া করে ৫০ ওভারে নয় উইকেটে ২৩১ রান করে টাইগাররা।
শ্রীলঙ্কাকে রানের পাহাড়ে তুলে দিয়েছেন একজনই, তিনি উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা। ১২৫ বলে ১১টি বাউন্ডারির মাধ্যমে ১০৯ রান করে তিনি একাই পার্থক্য গড়ে দেন দুই দলের মধ্যে। ম্যাচ শেষে তাই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও গেছে তার ঝুলিতে।
শুরুর চিত্রটা কিন্তু ছিল ভিন্নরকমের। চোখে সর্ষেফুল দেখা যে অর্থে সকালে হাবিবুল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর দুই উদ্বোধনী বোলার মাশরাফি বিন মুর্তজা এবং সৈয়দ রাসেল কার্যত সেটাই করে দেখিয়েছেন। বিশেষ করে সকালে নতুন বলে মাশরাফি ছিলেন দুরন্ত।
কতটা ভয়ংকর ছিলেন মাশরাফি সেটা তার প্রথম স্পেলের দিকে চোখ ফেরালেই বোঝা যাবে। ছয় ওভার বল করে নয় রান দিয়ে তুলে নেন লঙ্কান দুই উদ্বোধনী ব্যাটসম্যান উপল থারাঙ্গা এবং জয়সুরিয়ার মত মূল্যবান উইকেট। এর মধ্যে আবার প্রথম ওভারের পঞ্চমবলেই থার্ড স্লিপে শাহরিয়ার নাফিসের তালুবন্দি হন থারাঙ্গা। আরেক ওপেনার জয়সুরিয়া শুরু থেকেই ছিলেন এলোমেলো। সপ্তম ওভারের শেষ বলে প্রথম রান সংগ্রহ করেন হার্ডহিটিং এই ওপেনার। সেই হিসেবি বোলার মাশরাফি তার শেষ চার ওভারে খরচ করেন ৬২ রান!
লঙ্কান ইনিংসের ১৫ ওভারে রান ওঠে ৪১। কিন্তু এরপরই সাঙ্গাকারা, অধিনায়ক মাহেলা জয়বর্ধনে এবং কৌশল্য লোকুয়ারাচ্চির দু’টি বড় পার্টনারশীপে পুরো ম্যাচের চিত্রই বদলে যায়। উইকেটের জন্য রীতিমত ঘাম ঝরানো পরিশ্রম করতে হয় বাংলাদেশের বোলারদের। কিন্তু শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের পাল্টা আক্রমনে ক্রমেই খেই হারিয়ে ফেলতে থাকেন বোলাররা।
সাঙ্গাকারা তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক জয়বর্ধনেকে সাথে নিয়ে ৭৫ এবং লোকয়ারাচ্চির সাথে ১০৪ রানের দু’টি জুটি গড়ে দলের সংগ্রহকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে থাকেন। জয়বর্ধনে ৫১ এবং লোকুয়ারাচ্চি ৬৯ রান করে মোহাম্মদ রফিকের শিকারে পরিনত হন। সাঙ্গাকারার উইকেটটিও লাভ করেন রফিক।
শ্রীলঙ্কার বিশাল স্কোর গড়ার পেছনে বাংলাদেশের বোলারদেরই অবদান বেশি। বোলাররা লাইন-লেন্থ ধরে বল না করায় শেষ দশ ওভারে ১১৪ রান করে সফরকারীরা। শেষদিকে মাহরুফ নয় বলে ২৭ এবং কাপুগেদারা সমানসংখ্যক বল মোকাবেলায় ১৬ রান করেন।
বাংলাদেশের জবাবটাও ছিল ধীরগতির। তবে প্রথম দুই ম্যাচের মত এই ম্যাচেও যথারীতি বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছেন ওপেনার শাহরিয়ার নাফিস। আগের ম্যাচের হিরো আফতাব আহমেদও ফিরে যান শুন্যরানে। এক পর্যায়ে ৪৪ রানে জাভেদ ওমর ফিরে গেলে মারাত্মক চাপের মধ্যে পড়ে টাইগাররা।
দলকে এ অবস্থা থেকে টেনে তোলেন অধিনায়ক হাবিবুল বাশার আর মোহাম্মদ আশরাফুল। চতুর্থ উইকেট জুটিতে এরা দু’জনে মিলে ৮৬ রান করেন। আশরাফুল টানা দ্বিতীয় ম্যাচেও হাফ সেঞ্চুরির দেখা পান। ৬৭ বলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৬৪ রান করে দিলশানের বলে বান্দারার হাতে ক্যাচ দেন। অধিনায়ক বাশার ৫৪ বলে তিনটি চারে করেন ৩০ রান।
এছাড়া মাঞ্জারুল ইসলাম রানা ২৩, মোহাম্মদ রফিক ২২, খালেদ মাসুদ অপরাজিত ১৯ এবং মাশরাফি ১৯ রান করেন।
শ্রীলঙ্কার ধাম্মিকা প্রসাদ, দিলশান এবং লোকুয়ারাচ্চি দু’টি করে উইকেট তুলে নেন।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা- ৩০৯/৭ (সাঙ্গাকারা ১০৯, জয়বর্ধনে ৫১, লোকুয়ারাচ্চি ৬৯, দিলশান ২২, কাপুগেদারা ১৬, মাহরুফ ২৭ নটআউট, রফিক ৩/৬১, মাশরাফি ২/৭১, রাসেল ২/৪৬)
বাংলাদেশ- ২৩১/৯ (জাভেদ ওমর ২৪, আশরাফুল ৬৪, হাবিবুল বাশার ৩০, রফিক ২২, রানা ২৩, খালেদ মাসুদ ১৯ নটআউট, মাশরাফি ১৯, প্রসাদ ২/২৯, লোকুয়ারাচ্চি ২/৫২, দিলশান ২/১৪)
