ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন তাপস বৈশ্য
সফররত শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ও চুড়ান্ত একদিনের ম্যাচে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পেসার তাপস বৈশ্য। দেশের চতুর্থ টেস্ট এবং ওয়ানডে ভেন্যু চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারনী ম্যাচটি।
ঘোষিত দলে তাপসের অর্ন্তভুক্তির ব্যাপারে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বৃহস্পতিবার জানান, সম্প্রতি অবসর নেওয়া খালেদ মাহমুদের জায়গা পূরণ করতে তাপসকে অর্ন্তভুক্ত করা হয়েছে।
সাবেক অধিনায়ক আরও জানান, তৃতীয় ওয়ানডের আগে কোন পেসার ইনজুরি আক্রান্ত হয়ে দল থেকে বাদ পড়–ক সেই ঝুঁকির যাওয়ার কোন ইচ্ছে নেই। আর তাই ইনজুরির দুঃশ্চিন্তা থেকে মুক্ত থাকতেই তাপসকে নিয়ে ১৫ জনের স্কোয়াড চুড়ান্ত করে ফেলা হয়েছে।
বগুড়াতে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরাতে সক্ষম হয় বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে এবং প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ দলের বৃহস্পতিবার রাতেই চট্টগ্রাম রওনা হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ স্কোয়াড:
হাবিবুল বাশার, খালেদ মাসুদ, জাভেদ ওমর, রাজিন সালেহ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, মোহাম্মদ রফিক, অলক কাপালী, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন, এসকে রাসেল, মাঞ্জারুল ইসলাম রানা, আব্দুর রাজ্জাক রাজ, তাপস বৈশ্য।
